মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড় কেন হচ্ছে? কারা এর শিকার?

ওমর ফারুক

মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া প্রায় ৫ লাখ বাংলাদেশির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ের ব্যাপক ধরপাকড় আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।

গত শুক্রবার মধ্যরাত থেকে দেশটিতে অবৈধদের ধরতে অভিযান শুরু হয়েছে। অভিযানে বাংলাদেশিসহ ৫০০ অবৈধ শ্রমিক এরইমধ্যে আটক হয়েছেন।

গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, গ্রেপ্তার আতঙ্কে বাংলাদেশিরা কাজকর্ম ছেড়ে বাসায় বসে আছেন। কিন্তু তাতেও রেহাই মিলছে না। পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি করছে। কাগজপত্র সঠিক না পেলেই ধরে নিয়ে যাচ্ছে।

তবে কেন হঠাৎ করে এ ধরপাকড় শুরু করলো মাহাথির সরকার? কেমন আছেন মালয়েশিয়ার প্রবাসীরা? ফাতেহ২৪- এর কাছে এসব কথা তুলে ধরেছেন মালয়েশিয়া প্রবাসী আলেম ও শিক্ষক মো. একলিমুর রেজা। তিনি দেশটির রাজধানী কুয়ালালামপুর পাশে অবস্থিত একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।

মো. একলিমুর রেজা জানান, অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের মূল কারণটি হচ্ছে তাদের পারমিট ভিসা না থাকা। ২০১৬ সালের মার্চ থেকে একটি সুযোগ দেওয়া হয়েছিল যে, যারা মালয়েশিয়াতে অবৈধ রয়েছে তাদের বৈধকরণ করা হবে।

বৈধকরণের ওই সুযোগে অনেকেই সাড়া দিয়েছে, অনেকেই সাড়া দেয়নি। বৈধকরণ প্রক্রিয়াটি ২০১৬ থেকে নিয়ে ২০১৮ পর্যন্ত কয়েকটি ধাপে সম্পন্ন হয়। গত ৩১ আগস্ট পর্যন্ত তাদের সর্বশেষ সময় ছিল।

তিনি বলেন, ‘বর্তমানে তাদেরকেই ধরপাকড় করা হচ্ছে যারা এ সুযোগটিতে সাড়া দেয়নি বা ভিসা রিনিউ করেনি। এর মাধ্যমে মূলত অভিবাসীদের বাধ্য করা হচ্ছে যেন তারা বৈধকরণ সুযোগে সাড়া দেয়।’

একলিমুর রেজা ফাতেহ ২৪.- এর উপদেষ্টা সম্পাদককে এক টেলিফোন বার্তায় আরো জানান,’ শোনা যাচ্ছে, সেপ্টেম্বরের ১৬ তারিখ থেকে বৈধকরণের নতুন প্রক্রিয়া শুরু হবে।

আগের প্রক্রিয়াটিতে কিছু সমস্যা ও ঝামেলা ছিল। এবার নতুন সরকার তাদের আরও সহজ করে বৈধকরণের আওতায় আনতে যাচ্ছে।’

‘তবে যাদের ওয়ার্ক পারমিট আছে বা যাদের ভিসা আছে তারা ভালো রয়েছে। তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এদেশে সাধারণত অহেতুক হয়রানি তেমন করা হয় না। দালাল চক্রের কারণে মূলত নিরীহ মানুষগুলো হয়রানির শিকার হয়।’

আগের সংবাদকলকাতায় রাস্তার ওপর ফ্লাইওভার ধস, নিহত ৬
পরবর্তি সংবাদরিজেন্সির যোগেশসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা