শুরু হচ্ছে নির্বাচনী কার্যক্রম প্রার্থীর ছড়াছড়িতে চিন্তায় আ’লীগ

ফাতেহ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে ভোটের কার্যক্রম। দলের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ডেকে এসব কর্মসূচির দিনক্ষণ নির্ধারণ করা হবে।

প্রার্থী বাছাইয়ের কাজও এ মাসেই শেষ হওয়ার কথা। কিন্তু সবকিছু ছাপিয়ে শেষ মুহূর্তে মনোনয়নকেন্দ্রিক দলীয় কোন্দল নিয়ে চিন্তায় শাসক দলের শীর্ষ মহল।

প্রতিটি আসনেই প্রার্থীর ছড়াছড়ি। মনোনয়ন প্রতিদ্বন্দ্বিতায় নেমে দলের নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িতে জড়িয়ে পড়েছেন। যা নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াতে পড়ে বলে শঙ্কা প্রকাশ করেছেন শীর্ষ নেতারা। তাই যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করতে চান তারা।

আওয়ামী লীগ সূত্র জানায়, আগামী ৮ সেপ্টেম্বর দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি টিম উত্তরবঙ্গে নির্বাচনী সফরে যাচ্ছে। এ ছাড়া এ মাসের ১০ তারিখের মধ্যে দলের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক করে নির্বাচনী কার্যক্রম চূড়ান্ত করা হবে।

দিনক্ষণ ঠিক হওয়ার পর সে অনুযায়ী দ্রুত কাজও শুরু করবে দলটি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- বিভাগীয় নির্বাচনী বর্ধিত সভা, জেলা নেতাদের সম্মেলন, এজেন্ট প্রশিক্ষণ, ভোট কেন্দ্রভিত্তিক কমিটি চূড়ান্তকরণ।

এ ছাড়া ইভিএম নিয়ে পর্যালোচনা, মনোনয়ন প্রক্রিয়া শুরু, প্রচার কৌশল নির্ধারণ, নির্বাচনী পরিসংখ্যান বিশ্লেষণসহ এক ঝাঁক কর্মসূচি এর মধ্যে অন্তর্ভুক্ত। পোলিং এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রমের মধ্য দিয়ে এসব কর্মসূচি উদ্বোধন করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিন্তু মনোনয়ন ঘোষণার দিনক্ষণ ঘনিয়ে এলেও প্রার্থীর ছড়াছড়ি নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে দলটিতে। নির্বাচনী তৎপরতা শুরু হওয়ার আগেই এ ধরনের কোন্দল মিটিয়ে ফেলতে অনানুষ্ঠানিকভাবে শীর্ষ নেতারা ঈদের আগে আলোচনাও করেছেন।

নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এবং দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচটি ইমাম যুগান্তরকে বলেন, যেদিন থেকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে সেদিন থেকেই কাজ চলছে।

আগের সংবাদধর্মমন্ত্রীকে ‘রাজাকার’ বলায় যুবলীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে মামলা
পরবর্তি সংবাদকাতার-তুরস্ক মুক্ত বাণিজ্য চুক্তি সই