
ফাতেহ ডেস্ক: রাজধানীতে আকস্মিকভাবে লেগুনা বন্ধের সিদ্ধান্তে বেড়েছে গণপরিবহন সংকট। লেগুনার চালক ও সহকারীদের সামনে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, মহানগরে বিকল্প পরিবহন ব্যবস্থা চালু না করে এ ধরনের সিদ্ধান্ত সংকট আরো বাড়াবে।
ডিএমপির ঘোষণার পর রাজধানীর বিভিন্ন এলাকার মতো নিউমার্কেট থেকেও ছাড়ছে না কোনো লেগুনা। রাস্তার ধারে সারিবদ্ধ লেগুনা রেখে উদ্বিগ্ন সময় কাটছে চালক-সহকারীদের।
ফার্মগেইট থেকে গুলশান শ্যুটিং ক্লাব ও নিকেতন পর্যন্ত চলাচল করে লেগুনা। এ রুটে বুধবার সীমিতভাবে চলছে কিছু যান। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। বিকল্প পরিবহনের ব্যবস্থা না করে আকস্মিক লেগুনা বন্ধের ঘোষনায় ক্ষুব্ধ তারা।
বিআরটিএ বলছে, রুট পারমিট থাকলেও সড়কে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় লেগুনাকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে।
পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে ব্যাপক পরিবহন সংকটের মধ্যে আকস্মিক লেগুনা বন্ধের সিদ্ধান্ত আরো দুর্ভোগ বাড়াবে। এছাড়া, বেকার হয়ে পড়বে এ পেশায় জড়িত অনেক মানুষ।
ঢাকা শহরে হিউম্যানহলার নামে নিবন্ধিত যানের সংখ্যা পাঁচ হাজার ১৫৬টি। তবে নগর জুড়ে চলছে বিশ হাজারের বেশি এ ধরনের গাড়ি।
