জিয়া চ্যারিটেবল মামলার পরবর্তী শুনানি ১২ ও ১৩ সেপ্টেম্বর

ফাতেহ ডেস্ক: আদালতে ন্যায়বিচার নেই অভিযোগ করে মামলার শুনানিতে আর হাজির হবেন না বলে জানিয়ে দিয়েছেন বেগম খালেদা জিয়া। বিচারকের উদ্দেশে বলেছেন, সাজা যাই দেয়া হোক তিনি পরোয়া করেন না। পুরোনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে বিশেষ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানির প্রথম দিনে এ কথা বলেন বিএনপি প্রধান।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার দীর্ঘ দিন ধরে চলছিল বকশিবাজারের অস্থায়ী আদালতে। এ মামলার প্রধান আসামি খালেদা জিয়া আরেকটি মামলায় সাজার পর থেকে কারাগারে আছেন।

অসুস্থতার কারণে গত কয়েক মাস চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানিতে হাজির হননি বিএনপি চেয়ারপারসন। এ অবস্থায় মঙ্গলবার পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে একটি কক্ষকে অস্থায়ী আদালত ঘোষণা করে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনের পরদিনই ছিল এ মামলায় যুক্তিতর্কের তারিখ। তবে আদালত সরানোর বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় জানানো হয়নি দাবি করে আগের অস্থায়ী আদালতেই হাজির হন। তাদের দাবি, কারাগারে আদালত বসানো বেআইনি।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ছাড়াই খালেদা জিয়ার উপস্থিতিতে বেলা সোয়া বারোটার দিকে শুরু হয় কারাগারের ভেতরের আদালতের কার্যক্রম। নিজের আইনজীবীদের না থাকার কারণ জানতে চান খালেদা জিয়া।

এ সময়, পর্যবেক্ষক হিসেবে আদালতে উপস্থিত ঢাকা বারের সভাপতি আদালতের অনুমতি নিয়ে বিভিন্ন বিষয়ে খালেদা জিয়াকে অবহিত করেন। আদালত শেষে তিনি সাংবাদিকদের জানান, খালেদা জিয়া এ মামলার কার্যক্রমে আর হাজির হবেন না।

অন্যদিক, দুদকের আইনজীবী জানান আদালত সরানোর প্রজ্ঞাপনটি যথাযথ প্রক্রিয়ায় আসামিপক্ষের প্রধান আইনজীবী সানাউল্লাহ মিয়াকে পৌঁছে দেয়া হয়েছে।
কারাগারের ভেতরের অস্থায়ী আদালতে সাংবাদিক ও আইনজীবীদের প্রবেশের অনুমতি ছিল। এ মামলার শুনানি হবে ১২ ও ১৩ সেপ্টেম্বর। সে পর্যন্ত খালেদা জিয়া জামিনে থাকবেন বলে আদেশ দেন বিচারক ড. আখতারুজ্জামান।

আগের সংবাদলেগুনা বন্ধ করে দেয়ায় দুর্ভোগ বেড়েছে
পরবর্তি সংবাদনির্বাচনে সব দলের অংশগ্রহণে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান