
ইফতেখার জামিল
বাংলাদেশের সেকুলারদের বড় অংশ রোহিঙ্গা-নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। মানবাধিকার নিশ্চিত করার কথা বলছেন। জাতিসংঘের কাছে দাবী জানাচ্ছেন। তাদের অনেকেই রোহিঙ্গাদের বিদ্রোহকেও সমর্থন জানাচ্ছেন। মুশকিল হচ্ছে, এগুলো ব্যক্তিগত অবস্থান হিসেবে ভালো।
তবে জাতীয় পর্যায়ে নীতি প্রণয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন আদায়ের জন্য তাদের কোন প্রস্তাব নাই। এখানেই সেকুলারিজম ও জাতীয়তাবাদের আদর্শিক সমস্যা । এসব সমস্যার কোন সমাধান তাদের কাছে নাই।
আন্তর্জাতিক রাজনীতিতে সবসময় কালচারাল ভাগ-বিভাজন থাকেই। কালচারাল পরিচয়হীন থাকা সম্ভব না। বাংলাদেশী হার্ডকোর সেকুলারকেও আমেরিকা মডারেট মুসলিম হিসেবে গণ্য করে এবং সে হিসেবেই আচরণ করে।তাকেও ‘সন্ত্রাস বিরোধী যুদ্ধের’ ফিল্টারে পড়তি হয়।
তো যখন জাতীয় বা আঞ্চলিকাভাবে মুসলমানরা টার্গেটে রুপান্তরিত হন, তখন সেই সেকুলার ব্যক্তিও টার্গেটে পড়ে যান। তার কথা জনসাধারণ শোনার জন্য প্রস্তুত থাকেনা। এ কারণেই দেখা যায়, যুদ্ধ বা সহিংসতা শুরু হলে মুসলমানি বয়ানই সামনে আসে।
মুসলিম দেশগুলোতে সেকুলাররা যে আত্মপরিচয় গড়ে তুলেছে, তার সাথে মুসলিম পরিচয়ের একটা সংঘাত সৃষ্টি করা হয়েছে। ফলে সেকুলার আত্মপরিচয় বহন করে মুসলমানি সঙ্কটের সমাধান করা অসম্ভব হয়ে উঠছে।
