দেয়াল ও সড়ক লিখনের রাজনীতি

কাজী মাহবুবুর রহমান 

সময়কে ধরে রাখার জন্য অনেকে অনেক চেষ্টাই করেন৷ কালজয়ী সব কবিতার ভেতরও চিরভাস্কর হয়ে আছে অনেক ইতিহাস। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে শুরু থেকেই জড়িয়ে আছে দেয়াল লিখন ও সড়ক স্লোগান।

একেকটি বিপ্লবী মতামতকে সমর্থকরা দেয়ালের সঙ্গে কিংবা রাজপথে এঁকে দিয়েছেন। এটা একদিকে যেমন একটি মুল্যবান শিল্পকলা,অপরদিকে প্রতিবাদ কিংবা দাবী আদায়ের ভাষাও বটে। নব্বই দশকের একটা শ্লোগান এখনো মানুষের মুখে মুখে ফেরে।

কোন এক অজ্ঞাতনামা শিল্পী দেয়ালে লিখে দিয়েছিলেন ” বড় কষ্টে আছি আইজুদ্দি”। ধরে নেয়া হয় সমকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে এটা ছিল একটি নিরব স্যাটায়ার। বাক্যটা শুনতে রসাত্মক । কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে নব্বইর স্বৈরশাসনের বিরুদ্ধে কোটি মানুষের মনে চেপে রাখা ভীষণ খেদ।

গত একবছর ধরে পুরান বিমানবন্দর এলাকার দেয়ালে দেখা গিয়েছিল “সুবোধ ” নামের এক বাতাসে বারুদ ছড়ানো গ্রাফিতি। সেখানে দেখা যায় একজন বিধ্বস্ত মানুষ খাচায় সূর্য বন্দী করে পালিয়ে যাচ্ছে। এবং একই সিরিজের আরো কিছু গ্রাফিতি কিছুদিন পর পর ঢাকার বিভিন্ন দেয়ালে দেখা যায়।

কখনো ” সুবোধ তুই পালিয়ে যা ” কখনো দেখা যায় সুবোধের কাছে জানতে চাওয়া হচ্ছে ” সুবোধ কবে হবে ভোর” পালিয়ে যেতে বলার এই সুবোধ যেন শুধু গ্রাফিতির সুবোধই নয়, এই সুবোধ আমাদের চারপাশের সেসব সকল সুবোধের, আজ সময় যাদের পক্ষে নেই। এক অদৃশ্য খড়গ ঝুলে আছে যাদের ওপর। স্বাধীনভাবে বাচতে চাইলে এই সমাজ রাষ্ট্র ছেড়ে চলে যেতে হবে।

” সুবোধ কবে হবে ভোর ” এই জিজ্ঞাসাও শুধু সুবোধের না। এই জিজ্ঞাসা আমাদের সকলের। চলমান এই ক্ষয় ও অধপতন আমাদের তলিয়ে নিয়ে যাচ্ছে এক অসীম অন্ধকারের ভেতর। একটি নির্মল সোনালী ভোরের আঁকুতি আজ এদেশের প্রতিটি বিবেকবান মানুষের।

সদ্য গত হওয়া নিরাপদ সড়কের জন্য যেই বিশাল কিশোর আন্দোলন ঘটে গেল, এতেও হিড়িক পড়েছিল সড়ক স্লোগানের। দেশের পক্ষপাতদুষ্ট আইন, প্রসাশন ও তাদের দাবী আদায়ের লক্ষ্যে ছাত্ররা রুদ্রভাষার সব প্রতিবাদী স্লোগান লিখে দিয়েছিল। যা দেখে নড়ে উঠেছিল সারাবিশ্ব। কিশোরদের এমনসব শ্লোগানের পক্ষে বিপক্ষে অনেক কথাই উঠে এসেছে বুদ্ধিজীবি ও সাধারণ মানুষের মুখে।

তবে একথা স্বীকার করতে আমরা বাধ্য, রাজপথে অঙ্কিত এমন ধারালো স্লোগান আমাদের ভাবতে বাধ্য করেছে। গনমানুষের মনে নতুন প্রাণের সঞ্চার করেছে। আমাদের অনুপ্রাণিত করেছে এই আন্দোলনে এগিয়ে আসতে। ঢাকার পথেঘাটে বের হলে চোখে পড়বে এমন অনেক কিছুই। দেয়াল লিখনের এই পুরনো সংস্কৃতি বরাবরই আমাদের মুগ্ধ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া ও আশেপাশে অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এলাকাগুলোর ভেতরেও দেয়াল লিখন ও সড়ক স্লোগান চোখে পড়ে। দেখতে ভাল লাগে। আমরা ভাবতে চাই সবাই । কিছু একটা করতে চাই ।

তবে কিছু ভাবা কিংবা করার করার জন্য যতখানি অবসর এবং অধ্যয়ন দরকার, সব সময় আমাদের জন্য তা হয়ে ওঠেনা। তবে পথে হাটতে হাটতে হুট করে চোখে পড়া এমনসব দেয়াল লিখন ও পথের মাঝে জেগে ওঠা সড়ক স্লোগান আমাদের ভাবনার জগতকে অনেকদূর এগিয়ে নিতে পারে। কারণ, এসবের পেছনে থাকে অনেক মেধার ব্যায়। জয় হোক মত প্রকাশের এই ধারাটির ।

আগের সংবাদরোহিঙ্গা সঙ্কটে সেকুলাররা কেন ইতিবাচক ভূমিকা রাখতে পারছে না?
পরবর্তি সংবাদকাবুলে জোড়া বোমা হামলা, সাংবাদিকসহ নিহত ২০