ফাতেহ ডেস্ক: সংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছেন বাগমারা উপজেলা ও পৌর আওয়ামী লীগের দুই নেতা।
অনিয়ম, দুর্নীতি ও বিএনপি-জামায়াত প্রীতির অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। এ কারণে এবার নতুন কাউকে মনোনয়ন দেয়ার দাবি তাদের। অন্যদিকে, ভোটের মাঠে সক্রিয় না থাকলেও বিএনপি কর্মীদের ধারণা… ধানের শীষের প্রার্থী হচ্ছেন সাবেক সংসদ সদস্য আবু হেনা।
বাংলা ভাইয়ের নির্যাতনে পঙ্গু বাগমারার হামিরকুৎসা গ্রামের আওয়ামী লীগ কর্মী রফিক। নৌকার পক্ষে সোচ্চার থাকাতেই পড়েন নির্যাতনের মুখে। অথচ সেই রফিকই গুরুতর অভিযোগ আনছেন স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে।
শুধু রফিক নয়, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকরাও তার কর্মকাণ্ডে ক্ষুব্ধ।
অভিযোগ, সংসদ সদস্যের বিরুদ্ধে কর্মীদের উসকে দিচ্ছেন তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু। দুজনই দলীয় মনোয়ন পেতে চালাচ্ছেন জোর লবিং। প্রতিশোধ হিসেবে সংসদ সদস্যও, পদ থেকে অব্যাহতি দিয়েছেন ৯ নেতাকে।
৮৬, ৮৮ ও ৯১-এর নির্বাচনে বাকশাল ও জাতীয় পার্টি থেকে নির্বাচনে জেতেন সরদার আমজাদ। ৯৬ ও ২০০১ সালে পরপর দুবার নির্বাচিত হন বিএনপি প্রার্থী আবু হেনা। ২০০৮ সালে নৌকা মার্কায় জয়ী হন ব্যবসায়ী এনামুল হক। ২০১৪ সালের নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন তিনি।
এমপি এনামুল হক বলেছেন, আওয়ামী লীগে যোগ্য নেতা অনেক। মনোনয়নও চাইতে পারেন যে কেউ। তবে এই লড়াইয়ে মিথ্যা প্রচারণার সমালোচনা করছেন তিনি। নাকচ করেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগও।
বাগমারায় বিএনপির সাংগঠনিক তৎপরতা নেই বললেই চলে। পুলিশি হয়রানির অভিযোগও আছে নেতাকর্মীদের। ঢাকায় বসে তাদের আইনি সহায়তা দিচ্ছেন সাবেক সংসদ সদস্য আবু হেনা। এবারও দল তাকেই মনোনয়ন দেবে বলেও আশাবাদী তিনি।
ভোটাররা বলছেন, মনোনয়ন যেই পাক, বিএনপি নির্বাচনে এলে প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা ও ধানের শীষ মার্কার মধ্যেই।
