কাকরাইলে কী ঘটেছিল সেদিন, প্রত্যক্ষদর্শীর মুখে বিবরণ

ওমর ফারুক

গত শনিবার রাতে এশার নামাজের পর তাবলীগ জামাতের এতায়াতপন্থী ও মাওলানা সা’দ বিরোধীদের মাঝে হাতাহাতি ও সা’দপন্থীদের কাকরাইল মসজিদে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। হজ্ব থেকে ফেরার পর তাবলীগের দুই মুরুব্বী মসজিদে প্রবেশ করতে চাইলে তাদের প্রবেশে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পুরো মসজিদ সা’দবিরোধীরা দখলে নিয়েছে বলেও সংবাদে বলা হচ্ছে। সেদিন কী ঘটেছিল মারকায মসজিদে, বর্তমানে সেখানকার অবস্থা কী, ফাতেহ২৪ এর পক্ষ থেকে এক অনুসন্ধানে সেদিনের প্রকৃত সত্য ঘটনা বেরিয়ে এসেছে।

ফাতেহ২৪কে একাধিক সূত্র নিশ্চিত করেছে শনিবার রাতে সেখানে তাবলীগের মুরুব্বিদের প্রবেশে বাধা দেওয়া বা মাদরাসার শিক্ষার্থীদের হামলা বা ধাওয়া করার কোনো ঘটনা ঘটেনি। কিছু মিডিয়া ঘটনাটি বিকৃতভাবে উপস্থাপন করছে। তারা এসব ভেদাভেদ ভুলে আল্লাহর দ্বীনের এ কাজে একনিষ্ঠ মনে সকলের অংশগ্রহণের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার রাতের ঘটনাটির প্রত্যক্ষদর্শী ও কাকরাইল মসজিদে অবস্থানকারী (মুকিম) মাসুদ কাউসার সেদিনের ঘটনাটির বিবরণ ফাতেহ২৪ এর কাছে তুলে ধরেন। তিনি জানান, শনিবার রাতে তাবলীগের যে দুইজন মুরুব্বিকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মাদরাসার কোনো শিক্ষার্থীও সেখানে উপস্থিত ছিল না। মাওলানা সা’দ কান্ধলভী সাহেবের অনুসারী এ দুইজন মুরুব্বী এ ঘটনার আগের দিনই মসজিদে এসেছেন। তারা সেখানেই অবস্থান করছিলেন। আমরা তাদের আপ্যায়ন করেছি। হযরতদের কোনো তাকাযা বা প্রয়োজন হলে আমাদের জানানোর জন্যেও বলেছি। আমরা হযরতদের খেদমতে নিয়োজিত ছিলাম।

মাসুদ কাউসার বলেন, তবে মসজিদের নজমওয়ালা ও পাহাড়াওয়ালাদের মাঝে যে সমস্যা চলছে, সেখান থেকেই ওই দিনের ঘটনার সূত্রপাত। দীর্ঘদিন ধরেই তাদের মাঝে টুকিটাকি সমস্যা চলে আসছিল। সা’দ সাহেবপন্থীরা মূলত পাহাড়াওয়ালার দায়িত্ব পালন করে থাকেন। নজমওয়ালারা পাহাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে থাকলেও তারা এ কাজটি করে থাকেন। সেদিন মাগরিবের পর পাহাড়াওয়ালাদের একজন এ পরিস্থিতি তৈরি করে। সে মাওলানা মুনীর বিন ইউসুফ সাহেবের খাদেম। হযরত হজ্বে থাকাকালীন মারকাযে সে নানা রকম সমস্যা তৈরি করেছিল।

‘সেদিনও সে হযরতের কাছে নানা বিষয় তুলে ধরতে যায়। সে সময় মাওলানা মুহাম্মদুল্লাহ সাহেবও উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে নজমওয়ালাদের একজনের সঙ্গে ওই খাদেমের বাকবিতণ্ডা হয়। পরে সে খাদেম পাহাড়াওয়ালাদের ডেকে নিয়ে আসে ও নজমওয়ালাদের একজন জনাব আব্দুল হামীদ সাহেবকেও কিছুটা মারধর করে। এ নিয়ে পরিস্থিতি ঘোলাটে হলে নিরাপত্তার স্বার্থে আমরা দুই মুরুব্বী মাওলানা মুনীর বিন ইউসুফ ও মুহাম্মদুল্লাহ সাহেবকে চলে যেতে বলেছিলাম। তারাও পরিস্থিতি বুঝতে পেরে চলে যান।’

আরেকটি সূত্র জানায়, কাকরাইল মসজিদ এখন কারও একক দখলে নেই। আমাদের এসব নিয়ে চিন্তাও করার সময় নেই। নিয়মিত সাথীরা জামাতে বের হচ্ছেন। এ ঘটনার আগে দু’পক্ষের সাথী ভাইরা মসজিদে আসতেন এবং দাওয়াতি কাজ চালাতেন। এখন শুধু নিরাপত্তার স্বার্থে পুলিশ কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন দ্বীনের এই বড় মেহনতের সকল সঙ্কট যেন আল্লাহ তায়ালা দূর করে দেন। সকলকে মিলেমিশে কাজ করার তাওফিক দেন।

তাবলীগের সঙ্কট নিয়ে দুই পক্ষের মধ্যেই উৎকণ্ঠা কাজ করছে। তবে সাদপন্থীদের অনড় অবস্থানে মাঝেমাঝেই বিতর্ক ও বিবাদের সৃষ্টি হচ্ছে। সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকৃত অবস্থা উঠে আসছে না। ফলে জনমনে নানারকম সংশয় ও বিভ্রান্তির তৈরি হচ্ছে।

আগের সংবাদশাহজালালে ১৬০০ কেজি ইথিওপীয় নেশার পাতা জব্দ
পরবর্তি সংবাদইসলাম গ্রহণ করলো ডাচ নারী