
নাইম বিন মাসউদ
নেতার আনুগত্য একটি সংঘবদ্ধ সমাজের প্রাণ। আনুগত্য না থাকলে ওই সমাজ বেশিদিন টিকবে না, এটাই বাস্তবতা। ইসলামের শরীয়তে যথার্থ নীতিবান ও মুক্তাক্বী সমাজপতি অথবা নেতার আনুগত্য করা না করার মধ্যে জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করা হয়েছে।
ইসলামি সমাজ ও দলের নেতার আনুগত্য করার জন্য আল্লাহ তায়ালা নিজে আদেশ করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, ‘হে ইমানদারগণ! আনুগত্য কর আল্লাহর, আনুগত্য কর রাসুল (সা.)-এর, আনুগত্য কর তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের।’
হজরত রাসুল (সা.) বলেন, ‘তোমাদের মধ্যে যদি হাবশি গোলাম আমির নির্বাচিত হয়, তার মাথা যদি তালের আঁটির মতো হয়, তবুও তার আনুগত্য কর।’
হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দায়িত্বশীল ব্যক্তির কথা শোনা ও মানা মুসলিম ব্যক্তির জন্য অবশ্য কর্তব্য। সে হুকুম তার পছন্দমতো হোক বা না হোক, এ শর্তে যে তা যেন নাফরমানি কাজের জন্য না হয় আর যখন আল্লাহর নাফরমানিজনক কোনো কাজের জন্য আদেশ তাকে দেয়া হবে, তখন তা শোনা বা মানা যাবে না।’-সহিহ বোখারি
ইসলামি শরিয়ত আনুগত্যের বিষয়ে এমন কঠোর হলেও আনুগত্যের জন্য কিছু নীতিমালাও বলে দিয়েছে। ইসলাম মনে করে, আল্লাহ ও রাসুল (সা.)-এর প্রতি মানুষের আনুগত্য হবে শর্তহীন। সুতরাং আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসুল (সা.)-এর আনুগত্য করতে হবে।
কোরানে ইরশাদ হচ্ছে, ‘তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবিদার হয়ে থাক, তবে আমার অনুসরণ কর; তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন, আল্লাহ অতিশয় ক্ষমাশীল ও দয়ালু।’ -সূরা ইমরান: ৩১
ইসলাম আরো মনে করে, মুমিন হতে হলে রাসুল (সা.)-এর আনুগত্য করতে হবে। রাসুল (সা.)-এর আনুগত্য না করলে মুসলমানের সব আমল বিনষ্ট হয়ে যায়। পক্ষান্তরে যারা রাসুল (সা.)-এর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের পরিণতি হবে অত্যন্ত খারাপ। নেতার আনুগত্য হলো, জান্নাত লাভের অন্যতম শর্ত।
ইসলাম আরো মনে করে, মুসলিম সমাজে দায়িত্বশীলের আনুগত্য করতে হবে। এ বিষয়ে হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘প্রত্যেক মুসলিমের ওপর নেতার নির্দেশ শোনা এবং আনুগত্য করা অবশ্য কর্তব্য চাই তা পছন্দ হোক বা অপছন্দ হোক, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর নাফরমানির নির্দেশ দেয়া হয়। আল্লাহর নাফরমানির নির্দেশ দেয়া হলে তা শোনা এবং আনুগত্য করা যাবে না।’ -সহিহ বোখারি
– লেখক: ধর্মীয় গবেষক
