
নির্বাচনী বাতাস বইছে। চারপাশে জোট গড়া, জোট ভাঙ্গার প্রতিযোগিতা। সুষ্ঠু একটি নির্বাচন এখন সাধারণ নাগরিকদের প্রাণের প্রত্যাশা। ক্ষমতাসীনরাই টিকে যাক অথবা শাসন ক্ষমতার পরিবর্তন ঘটুক চাইছে দু পক্ষের মানুষ। এ চাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তবে সবারই মৌখিক দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন। যে নির্বাচনের মাঝ দিয়ে মানুষের আশার প্রতিফলন ঘটবে। দেশে গণতন্ত্রের সঠিক চর্চা হবে।
তবে এসব চাওয়া পাওয়ার মাঝেই একটি পক্ষের ক্ষমতায় থাকার কঠোর অবস্থান অপর একটি পক্ষের ক্ষমতায় যাওয়ার মরিয়া দৌড় স্পষ্ট হয়ে উঠেছে। মাঝখানে তৃতীয় আরেকটি পক্ষ সুযোগ গ্রহণের অঙ্ক কষছে। এ তিনটি বিষয় এখন নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দু। অপরদিকে নির্বাচন কতটা সুষ্ঠু হবে? আদৌ নির্বাচন হবে কি না? নতুন গড়ে ওঠা জাতীয় ঐক্যির প্রক্রিয়া কতটা সফল হবে? খালেদা ও তারেক বিহীন নির্বাচনে বিএনপি কতটা এগুতে পারবে- এসব প্রশ্ন সাধারণ মানুষদের মাঝে বড় হয়ে দেখা দিয়েছে। যদিও প্রতিটি নির্বাচনেই এ ধরণের প্রশ্ন ওঠাটাহ স্বাভাবিক। তবে বৃহৎ একটি রাজনৈতিক দলের অস্তিত্ব সঙ্কটের প্রশ্নে বাংলাদেশের মানুষ অনেকাংশই কৌতূহলী হয়ে উঠেছে।
এবারের নির্বাচনে বিএনপি শক্তিশালী অবস্থান তৈরি করতে না পারলে দলটি ভবিষ্যতে কতোটা আর ঘুরে দাঁড়াতে পারবে এটাও শঙ্কা সৃষ্টি করছে। সবকিছু মিলিয়ে এগিয়ে আসছে আশা, প্রত্যাশা ও শঙ্কার নির্বাচন। এমন নির্বাচনের আগ মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা কী ভাবছেন? ফাতেহ২৪ -এর পক্ষ থেকে এমন কৌতূহলী কিছু প্রশ্নের উত্তর পেতে আলাপ হয়েছিল কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে।
রাজনৈতিক বিশ্লেষকদের একটি মহল মনে করছেন, আগামী নির্বাচন ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে কিছুটা চ্যালেঞ্জিং হয়ে ধরা দেবে। এক তো তাদের ক্ষমতায় আসার চেষ্টা, অপরদিকে আন্তর্জাতিক ও জাতীয় পরিস্থিতি বুঝে তুলনামূলক কিছুটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। এ দুটি চ্যালেঞ্জের মাঝে ভারসাম্য তৈরি করার চেষ্টা করবে আওয়ামী লীগ। এটাই এখন তাদের বড় টার্গেট। তাদের শারীরিক ভাষা ও বক্তব্যের ভঙ্গি এটাই বলে দিচ্ছে। যেমন, আওয়ামী লীগের নিজেদের জনপ্রিয়তার দাবি করা, জনপ্রিয় ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার চিন্তা, বিএনপি নির্বাচনে এলে এরশাদ আওয়ামী লীগের সঙ্গে আসার দাবি করা ও বিএনপি নির্বাচনে না এলে এরশাদের একক প্রার্থী দেওয়া এসব বিষয় প্রমাণ করে আওয়ামী লীগ কিছুটা ভারসাম্যপূর্ণ নির্বাচনই দিতে চাচ্ছে।
কিছুটা সুষ্ঠু নির্বাচন দিতে না চাইলে এতোটা হিসেব নিকেশ হয়তো তারা করতো না। এছাড়া বিএনপির ও নতুন জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যাপারে আক্রমণাত্মক থাকারও তাদের প্রয়োজন ছিল না। এ থেকে এটা বোঝা যায়, তারা নির্বাচনে জিতবে এমন একটি টার্গেট তাদের রয়েছে আবার অপেক্ষাকৃত কিছুটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ঝুঁকির চিন্তাও তারা করছে। এ দুটি বিষয়ে ভারসাম্য রক্ষা করার খেলাটাই তারা খেলবে।
অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ নির্বাচনকে কেন্দ্র করে নতুন যে জাতীয় ঐক্য প্রক্রিয়া চলছে, তাদের ঘোষিত পাঁচদফা দাবিই বলে দিচ্ছে, এ জোটটি প্রধান দুই রাজনৈতিক দল ও শক্তির মাঝে একটি জায়গা করে নিতে চাচ্ছে। তারা সরকারের নিয়ন্ত্রক পর্যায়ে থাকার চেষ্টা করছে। সরকারের বড় কিছু পদে যেয়ে কল কাঠি নাড়ানোরও চেষ্টা করছে। এমন কিছু বিষয় তাদের ভাবনায় রয়েছে। কেউ কেউ ধারণা করছেন, তাদের পেছনে দেশি – বিদেশি কোনো কোনো শক্তি বা গোয়েন্দা সংস্থার অনুপ্রেরণা রয়েছে।
আবার কেউ কেউ মনে করছেন, প্রধান দুই শক্তির মাঝে এ জোটটির এমন একটি তৃতীয় আদর্শিক প্লাটফর্ম তৈরি করা উদ্দেশ্য যা পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণযোগ্য হয় ও একটু সেক্যুলার থাকে। এই ঐক্য প্রক্রিয়া আওয়ামী লীগ থেকে আদর্শের দিক থেকে খুব বেশি দূরে থাকবে না বা বিএনপির ধর্মীয় মহলটির সঙ্গে যে সম্পৃক্ততা আছে তা থেকেও মুক্ত থাকবে। এরকম একটি তৃতীয় প্লাটফর্ম হয়তো তাদের মাধ্যমে দেশের ও দেশের বাইরের কিছু মানুষ চাচ্ছে।
এ জোটটির সঙ্গে বিএনপির রাজনৈতিক কৌশল বা আচরণটাকে রাজনৈতিক বিশ্লেষকরা কীভাবে দেখছেন? এ প্রসঙ্গে তারা বলেন, বিএনপি এখন অসহায়ত্বের মাঝে আছে। তারা হয়তো এসব বিষয়ে স্পষ্ট কোনো কথা বলবে না, তবে তারা তারা চাইবে আন্দোলনে পাশে শক্তি ও সমর্থন বাড়ুক। কারণ, সদ্যজাত এই জোটের অনেক দাবিই বিএনপির সঙ্গে মিলে যায়। নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, নেতাকর্মীদের গ্রেফতার না করা, ইভিএম না চাওয়া এসব বিএনপিরও দাবি। ফলে এর দ্বারা বিএনপিও একটি বেনিফিট পাবে। তবে জোট প্রক্রিয়া বা জোট নেতারা কোন অঙ্ক মেলাচ্ছেন এবং তাদের নিয়ে অন্যরা কী অঙ্ক কষছেন এসব আসলে এখনো পরিস্কার বোঝা না গেলেও অক্টোবর মাসের শেষ দিকেই বোঝা যাবে।
বিএনপির সামনেও নির্বাচনের আগে অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। যেমন, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দেশে আসা, তাদের প্রার্থীতা, জোট সুসংহত করা, আন্তর্জাতিক চাপের মাধ্যমে একটু সুষ্ঠু পরিবেশ তৈরি করা, সরকারকে চাপে ফেলার জন্য সল্পকালীন কঠোর একটি আন্দোলন করা এসব আছে তাদের ভাবনায়। এসব অস্পষ্ট অস্পষ্ট পলিসি এখন সব দলেই কাজ করছে। তবে সবকিছুই হয়তো একটি আকৃতিতে চলে আসবে অক্টোবরের শেষ দিকে।
গুঞ্জন উঠছে যথা সময়ে নির্বাচন হবে কিনা? এজাতীয় গুঞ্জনেরই বা কী ভিত্তি রয়েছে? এ বিষয়ে তারা বলেন, এ গুঞ্জন যারা নির্বাচনে জয়ী হতে চায় বা নির্বাচনে আসতে চায় তাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। ২০০৮ সালের নির্বাচনের আগেও এমন একটি গুঞ্জন কৌশলের সঙ্গে সৃষ্টি করা হয়েছিল। এসব গুঞ্জনে কান দিলে বিরোধী দলগুলোর নির্বাচনী প্রস্তুতিতে ভাটা পড়বে। ফলে কোনো এক পর্যায়ে সুষ্ঠু নির্বাচন হলেও তারা পিছিয়ে পড়বে।
নির্বাচন হবে না এ গুঞ্জনের বাস্তবতা ৬০/ ৭০ ভাগ থাকলেও বিরোধী দলগুলোর জোরালো প্রস্তুতি রাখতে হবে। যদি ২০ /৩০ ভাগও নির্বাচন হওয়ার সম্ভাবনা থেকে থাকে তাহলে না হওয়ার সম্ভাবনা নাকচ করেই বিরোধী দলগুলোকে কাজ করে যেতে হবে। তা না হলে তাদের পস্তাতে হতে পারে। তবে এসব পদক্ষেপ শুধু তখনই যখন এ গুঞ্জনকে আমলে নেওয়া হবে। আমলে না নিলে তো নির্বাচন কেন্দ্রিক ভাবনা ছাড়া অন্যদিকে মনোযোগ দেওয়ার কোনো সুযোগই তাদের নেই। তবে এ জাতীয় নির্বাচন না হওয়ার মতো গুঞ্জজনের কোনো ভিত্তি নেই বলেই তারা মনে করেন।
