
ওমর ফারুক
এগিয়ে আসছে জাতীয় নির্বাচন। চলছে জোট মহাজোটের খেলা। চলছে জাতীয় ঐক্যের প্রক্রিয়াও। পক্ষ প্রতিপক্ষকে কাছে টানতে মরিয়া হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো। হচ্ছে নানা রকম হিসাব নিকাশ। এ দৌড়ে পিছিয়ে নেই ইসলামি রাজনৈতিক দলগুলোও। সম্প্রতি সরকার ‘সমর্থিত’ অনিবন্ধিত ১৫টি ‘ইসলামি’ ও সমমনা রাজনৈতিক দল মিলে গঠিত হয়েছে নতুন জোট ‘ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স (আইডিএ)’। এ জোটের নেতৃত্বে রয়েছেন মিছবাহুর রহমান চৌধুরী।
এর আগে জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনি সমঝোতায় চুক্তিবদ্ধ হয়েছে দেশের ঐতিহ্যবাহী ইসলামি রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিস। এ জোট নিয়ে ইসলামি রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা হলেও সংগঠনটির নেতাদের দাবি, ‘ইসলাম প্রতিষ্ঠার জন্যই জাতীয় পার্টির সঙ্গে তারা চুক্তিবদ্ধ হয়েছেন। এর মাধ্যমে আগামীতে এদেশে ইসলামের পতাকা উড্ডীন হবে এবং দুটি দলই এ দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়।’
এছাড়াও ছয়টি শর্তে বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় পার্টির সঙ্গে চুক্তিবদ্ধ হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ক্ষমতায় গেলে পবিত্র কুরআন সুন্নাহ ও শরীয়ত বিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করা হবে, হযরত মুহাম্মদ সা. সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, নবী রাসূল ও সাহাবায়ে কেরামের সমালোচনা এবং কুৎসা রটনা রোধে আইন প্রণয়ন। এসব চুক্তি বাস্তবায়নে জাতীয় পার্টি ভরসা দিয়েছে বলেই অতীত ইতিহাস ভেঙ্গে দলটি নির্বাচনি সমঝোতায় যায়। এ সমঝোতার নীতিমালা হলো এ জোট একত্রে নির্বাচন করবে এবং একত্রে সরকার গঠন করবে।
এ লক্ষ্যে জাতীয় পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনি সমঝোতায় গেলেও সম্প্রতি গুঞ্জন উঠেছে, বিএনপি নির্বাচনে এলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গেই জোটে যেতে পারে জাতীয় পার্টি। আওয়ামী লীগের একাধিক নেতার বক্তব্য থেকেও বিষয়টি অনুমান করা গেছে। বাস্তবতা এমনই হলে কোন দিকে যাবে সদ্য নির্বাচনী জোটবদ্ধ বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস কি শেষ পর্যন্ত ঘুরেফিরে আওয়ামী লীগের সঙ্গে জোটে যাচ্ছে, নাকি ভিন্ন কোনো পদক্ষেপ নিতে পারে সংগঠনটি? এমন প্রশ্ন এখন সাধারণ মানুষদের মনে ঘুরপাক খাচ্ছে।
বিষয়টি নিয়ে কথা হয়েছিল বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও দলটির অন্যতম মুখপাত্র মাওলানা আতাউল্লাহ আমীনের সঙ্গে। তিনি ফাতেহ২৪ কে জানান, নির্বাচনের আগ মুহূর্তে কি হবে না হবে, এটি আমাদের কাছেও এখনো অস্পষ্ট। যেহেতু জাতীয় পার্টির সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের সমঝোতা হয়েছে , ফলে নতুন করে কারও সঙ্গে জোটে যাওয়া না যাওয়ার বিষয়টি সম্মিলিত সিদ্ধান্তের বিষয়। আমরা আশা করি, জোটের মতামতের ভিত্তিতেই তা নির্ধারিত হবে। তবে স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। বিএনপি নির্বাচনে এলে এমনও হতে পারে জাতীয় পার্টির সঙ্গে বিএনপির জোট হবে। আবার যেহেতু বর্তমানে জাতীয় পার্টির সঙ্গে বর্তমান সরকারের সখ্যতা রয়েছে, ফলে তাদের সঙ্গেও জোটের সম্ভবনা রয়েছে। তবে যাই হোক, যৌথ সিদ্ধান্তের ভিত্তিতেই হবে। আলাদা কোনো সিদ্ধান্তের ভিত্তিতে নয়।
জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সঙ্গেই জোটে যায় সে ক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থান কী হবে? এ বিষয়ে তিনি বলেন, জোট যে দিকেই গড়াক আমাদের টার্গেট ও লক্ষ্য সংসদে ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব। এটি শুধু আমাদেরই চাওয়া নয়, অনেকেই তা চাচ্ছেন। বিএনপি যদি নির্বাচনে না আসে, আমরা তাদের জন্য অপেক্ষা করা সমুচিত মনে করবো না। আর যদি বিএনপি নির্বাচনে আসে ও সরকার পরিবর্তনের অবস্থা তৈরি হয়, সে ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে। বাকি আমাদের সর্বোপরি চিন্তা হচ্ছে, সংসদে আলেমদের প্রতিনিধি থাকা।
সংসদে প্রতিনিধিত্বের জন্য প্রয়োজনে আওয়ামী লীগের সঙ্গেও জোট করতে তারা রাজী কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি এ দুই রাজনৈতিক দলের মাঝে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই। এটাই আমাদের পর্যবেক্ষণ। ঘুরে ফিরে তারাই ক্ষমতায় আসবে। দেশ পরিচালনায়, নীতিমালায়, চিন্তা চেতনায় ও রাজনৈতিক আদর্শে তারা কাছাকাছিই। বড় ধরণের কোনো পার্থক্য নেই। বর্তমানে আওয়ামী লীগও ইসলামপন্থীদের প্রতি অগ্রসরমান। এখন বিএনপি ক্ষমতায় আসলে ইসলামের বড় ধরণের লাভ হয়ে যাবে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইসলামের বড় ধরণের বিপদ হয়ে যাবে, এটা আমরা মনে করি না।
তাহলে সরাসরি আওয়ামী লীগের সঙ্গেই কেন আপনারা জোটে গেলেন না, এমন প্রশ্নে তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরেই ক্ষমতায় রয়েছে। আর ক্ষমতাসীন দলের প্রতি মানুষের এমনিতেই কিছু নেতিবাচক ধারণা ও মনোভাব থাকে। আমরাও ক্ষমতার পরিবর্তন চাই। তবে সে পরিবর্তনের কাজটা আমাদের নয়। বৃহৎ রাজনৈতিক দলগুলোই সেটা করবে। সে ক্ষেত্রে আমরা মাঝামাঝি অবস্থানে রয়েছি। তবে যাই হবে, যৌথ সিদ্ধান্তের ভিত্তিতেই হবে। যদি প্রয়োজনে ও সিদ্ধান্তের ভিত্তিতে আওয়ামী লীগের সঙ্গেও জোটে যেতে হয়, তবুও আমরা যাবো। আর সেটা ইসলাম ও উম্মাহর কল্যাণ মনে করেই হবে।
