
ফাতেহ ডেস্ক: পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে কয়েক দিন ধরে বাড়ছে উত্তরাঞ্চলের বেশির ভাগ নদ-নদীর পানি। ব্রহ্মপুত্র, দুধকুমার ও যমুনার পানি বাড়লেও, আজ কমেছে তিস্তা ও ধরলায়।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার নিচে থাকলেও ২৪ ঘণ্টায় বেড়েছে ৩ সেন্টিমিটার। দুধকুমারে বেড়েছে ১ সেন্টিমিটার। জেলার ৯টি উপজেলায় তলিয়ে গেছে প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর আমনের খেত। পাটেশ্বরী, হাতিয়া, নাগেশ্বরীর মাদারগঞ্জসহ অন্তত ২০টি স্থানে বেড়েছে নদীভাঙন। গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র বইছে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। বগুড়ার সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে।
আর সিরাজগঞ্জে যমুনার পানি ৩ সেন্টিমিটার বাড়লেও এখনো বিপৎসীমায় পৌঁছায়নি। এদিকে জামালপুরে যমুনার পানি বেড়ে বাহাদুরাবাদঘাট পয়েন্টে বইছে, বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপরে।
বন্যায় ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া, চিনাডুলি, বেলগাছা ও দেওয়ানগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে।
