
ফাতেহ২৪ ইসলাম
সমাজবদ্ধ জীবনে কতভাবেই তো আমরা অন্যের মুখাপেক্ষী হয়ে পড়ি। একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসি। পারস্পরিক এ সহযোগিতার অন্যতম ক্ষেত্র ধার-কর্জ। প্রয়োজনের তাগিদে আমরা একে অন্যের কাছ থেকে কখনও টাকাপয়সা ধার করি। এ ধারের দ্বারস্থ আমাদের হতে হয় আলু-পেঁয়াজ-লবণ, খাতা-কলম ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় বিষয়ের ক্ষেত্রেও। আবার কখনও ধার করতে হয় জামাকাপড়, বই, গৃহস্থালির জিনিসপত্র থেকে শুরু করে মোবাইল, ল্যাপটপ, সাইকেল-মোটরসাইকেল, গাড়ি ইত্যাদি দামি কিংবা কম দামি নানা বিষয়।
তবে দুই ধারের মধ্যে পার্থক্য হলোÑ প্রথম প্রকারের ধারের ক্ষেত্রে ধারকৃত জিনিসটি বিনাশ করার মধ্য দিয়েই এর দ্বারা উপকৃত হতে হয় এবং পরবর্তী সময়ে এর অনুরূপ কিছু ফেরত দিতে হয়। টাকাপয়সা ধার করে পকেটে কিংবা ব্যাংকে রেখে দিলে, কোনো খাদ্যদ্রব্য ধার করে ফ্রিজে সযতেœ সংরক্ষণ করে রাখলে এর উপকারটুকু ভোগ করা যাবে না।
এ উপকার গ্রহণ করতে হলে বিনাশ করতে হবেÑ টাকাপয়সা খরচ করার মাধ্যমে; খাদ্যদ্রব্য খেয়ে শেষ করার মাধ্যমে। আর দ্বিতীয় প্রকারের ধারের ক্ষেত্রে ধারকৃত জিনিসটিতে কোনোরূপ ক্ষতি না করে এর সেবাটুকু গ্রহণ করতে হয় এবং সেবাগ্রহণ শেষে মালিকের কাছে তার জিনিসটি আগের অবস্থায় ফিরিয়ে দিতে হয়। দ্বিতীয় প্রকারের এ ধার এক প্রকার আমানত। তাই এর যথাযথ সংরক্ষণও অপরিহার্য। আমাদের আজকের আলোচনা এ দ্বিতীয় প্রকার ধার নিয়েই।
কত রূপে যে বিষয়টি আমাদের সামনে হাজির হয়! বৃষ্টির দিনে কেউ কারও কাছ থেকে ছাতা ধার নিতে পারে। একটি বই আপনার খুব দরকার; কিন্তু সেটি কিনে নেওয়ার মতো সুযোগ এখন আপনার কাছে নেই। এ অবস্থায় আপনার পরিচিত কারও কাছে যদি বইটি থাকে, তাহলে তার কাছ থেকে তা ধার নিতে পারেন। বাসা থেকে বের হওয়ার পর পথিমধ্যে আপনার জামাটি নষ্ট হয়ে গেল। জরুরিভিত্তিতে জামাটি পরিবর্তন করতে হবে। এ অবস্থায় কাছাকাছি যদি কোনো বন্ধুর বাসা থাকে তাহলে সেখানে গিয়ে একটি জামা ধার নিতে পারেন। আপনার মোবাইল ফোনটি নষ্ট হয়ে গেল। তা ঠিক করার জন্য দেওয়া হয়েছে। সাময়িক প্রয়োজন মেটানোর জন্য আপনার ভাইয়ের সংগ্রহে থাকা অতিরিক্ত একটি ফোন ধার হিসেবে নিতে পারেন।
দূরের কোনো যাত্রায় আপনার মোবাইলের চার্জ ফুরিয়ে গেল। আপনার কাছে চার্জারও নেই। এমন সময় কেউ যদি ২০ মিনিটের জন্য আপনাকে একটি চার্জার ধার দেয়, এতে আপনি কতটা উপকৃত হবেনÑ ভাবুন তো? এভাবে ছোট-বড় নানা প্রয়োজনের মুখে আমাদের পড়ে যেতে হয়। আর প্রয়োজন যখন দেখা দেয়, তখন ছোট বিষয়ও অনেক বড়। প্রয়োজনের মুহূর্তে একটি পুরানো ছাতা কিংবা পুরানো জামা কিছু সময়ের জন্য ধার দিয়ে যে উপকার করা যায়, যতটুকু হৃদয় জয় করা যায়, যখন প্রয়োজন থাকে না, তখন নতুন নতুন জিনিস দিয়েও ততটা মুগ্ধ করা যাবে না, এতে তার ততটুকু উপকার হবে না। প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোই তাই আসল মানুষের পরিচয়।
প্রয়োজনটা যেমনই হোক, ছোট হোক আর বড় হোক, এক ভাইয়ের প্রয়োজনে আরেক ভাই সাধ্যমতো এগিয়ে আসবেÑ এটা তো ভ্রাতৃত্বের দাবি। হাদিসে রাসুলুল্লাহ (সা.) যেমন এক মুসলমানকে আরেক মুসলমানের ভাই বানিয়ে দিয়েছেন, আবার একই হাদিসে তিনি এক ভাইয়ের প্রয়োজনের মুহূর্তে আরেক ভাইয়ের এগিয়ে আসার ফজিলতও বর্ণনা করেছেনÑ ‘মুসলমান মুসলমানের ভাই। সে তার ওপর জুলুম করতে পারে না, তাকে অপমানিত করতে এবং শত্রুর হাতে তুলে দিতে পারে না। আর যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন। যে (দুনিয়ায়) কোনো মুসলমানের একটি দুশ্চিন্তা দূর করে দেয় আল্লাহ কেয়ামতের দিন তার একটি দুশ্চিন্তা দূর করে দেবেন।’ (বোখারি : ২৪৪২)।
কয়দিন পরই পরীক্ষাÑ এমন কোনো শিক্ষার্থীকে যদি তার বাবা আর্থিক অনটনের কারণে প্রয়োজনীয় বইপত্র ঠিকমতো কিনে দিতে না পারেন, তাহলে তিনি যে কতটা অসহায়ত্বের মধ্যে পড়ে যান, কতটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, তা কি বলে বোঝানো যাবে! এ পরিস্থিতিতে যখন বই ধার দিয়ে হলেও কেউ তার পড়ার ব্যবস্থা করে দেয়, অসহায় বাবা তখন কৃতজ্ঞতায় আপ্লুত হন। এটা স্বাভাবিক।
ঈদের দিনে নামাজ পড়তে যাওয়ার পথে যদি মাথার দামি টুপিটি হারিয়ে যায় আর কেউ তাকে কমদামি একটি টুপি ধার দিয়ে সাহায্য করে, এ ৫০ টাকার একটি টুপিও যে কতটা উপকারী হতে পারেÑ এটা শুধু তখনই উপলব্ধি করা যাবে। মানুষকে আরবিতে বলা হয় ‘আবদুল ইহসান’ অর্থাৎ অনুগ্রহের দাস। বিপদে কেউ যখন কারও পাশে দাঁড়ায়, তখন সে তার এক প্রকার ‘দাসে’ই পরিণত হয়। মোটকথা, কী ধর্মীয় আর কী মানবিক ও সামাজিকÑ সব দৃষ্টিকোণ থেকেই এ ধার প্রদান একটি গুরুত্বপূর্ণ মানবসেবা।
এ ধার প্রদানে দাতার কোনো পার্থিব স্বার্থ থাকে না। পারস্পরিক কল্যাণকামিতা ও ভালোবাসা আর মানবিক মূল্যবোধ থেকেই মানুষ ধার দিয়ে থাকে। বিষয়টি যেমন মানবিক বিবেচনায় অনেক বড়, এর প্রতিদানও তাই স্বাভাবিকভাবেই অনেক বড়। উপরোক্ত হাদিসে রাসুলুল্লাহ (সা.) যে পুরস্কারের কথা শুনিয়েছেন, এর চেয়ে বড় প্রতিফল আর কী হতে পারে! আল্লাহ যদি কারও প্রয়োজনে সাহায্য করেন, তখন তার কি অন্য কারও কোনো সহযোগিতা আর লাগবে? এর সঙ্গে কেয়ামত দিনের পুরস্কার তো আছেই।
এ তো গেল দাতার কথা। যিনি ধারগ্রহীতা, তাকেও এক্ষেত্রে কিছু বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে। যেমনÑ এক. ধার নেওয়া বিষয়টির প্রয়োজন যখন শেষ হয়ে যায়, তখন নিজ দায়িত্বে তা মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। এমন যেন না হয়, প্রয়োজনের সময় তো আপনি চেয়ে এনেছিলেন, এখন ভাবছেনÑ সে-ও যখন আমার কাছে চাইবে, তখনই আমি তা দেব। এ ভাবনা অন্যায়। কখনও অবচেতন মনেও কেউ কেউ প্রয়োজন শেষে তা নিজের কাছেই রেখে দেয়। এক্ষেত্রেও সতর্কতা কাম্য।
দুই. ধার নেওয়া বস্তুটি যেহেতু আমানত, তাই তা যথাযথ সংরক্ষণ করাও ধারগ্রহীতার কর্তব্য। ধারদাতা যেমন নিঃস্বার্থভাবে নিজের জিনিসটি ব্যবহার করতে দিল, তেমনি এর পূর্ণ হেফাজতকে নিজের দায়িত্ব মনে করাও অনিবার্য। নিজের মালিকানাধীন সম্পদের সংরক্ষণ নিয়ে অনেককে অবহেলা করতেও দেখা যায়। কিন্তু অন্যের মালিকানাধীন যে আমানত আপনার হাতে আছে, তা রক্ষণাবেক্ষণে যদি কোনোরকম উদাসীনতা প্রকাশ পায়, তাহলে তা-ও একপ্রকার খেয়ানত। নিজের সম্পদের মতোই, এমনকি এর চেয়েও অধিক গুরুত্বের সঙ্গে এ আমানত রক্ষা করতে হবে। মনে রাখতে হবে, সংরক্ষণে অবহেলা আর উদাসীনতার কারণে যদি ধারকৃত জিনিসটির কোনো ক্ষতি হয়, তাহলে এর দায়ভার সবটাই ধারগ্রহীতাকে বহন করতে হবে।
তিন. কারও কাছ থেকে কোনো কিছু ধার নিলে মালিকের অনুমতিক্রমে তা ব্যবহার করতে হবে। মালিক যেখানে ব্যবহার করতে অনুমতি দেয়, তা কেবল ওইসব ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। অনুমতি নেই, এমন ক্ষেত্রে ধারের জিনিস ব্যবহার করাও একপ্রকার খেয়ানত। তখন যদি তাতে কোনোরূপ ক্ষতি হয়, তাহলে এর দায়দায়িত্বও ধারগ্রহীতাকে বহন করতে হবে।
যেমন ধরুন, আপনি কারও কাছ থেকে একটি কম্পিউটার ধার নিলেন একদিনের জন্য। আপনাকে দেওয়ার সময় মালিক বলে দিল, আপনি আপনার বাড়িতে বসে এটি চালাবেন, আপনি নিজ হাতে চালাবেন, অন্য কাউকে দেবেন না। এসব শর্ত মেনে চলা আপনার জন্য অপরিহার্য।
আর মালিকের পক্ষ থেকে যদি বিশেষ কোনো ক্ষেত্রে ব্যবহারের শর্ত করা না হয়, তাহলে স্বাভাবিক সব ব্যবহারই আপনি করতে পারবেন।
চার. যথাসময়ে ধারের বস্তু ফিরিয়ে দেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে ধার নিয়ে ভুলেই যায়Ñ এটা যে আবার ফেরত দিতে হবে। এতে অনেক সময় ধারদাতা বিব্রত হয়, চিন্তিত হয়। উপকারীর সঙ্গে এমন আচরণ কিছুতেই গ্রহণযোগ্য নয়।
পাঁচ. নির্ধারিত সময়ের আগেও যদি মালিক তার জিনিসটি ফেরত চায়, তাহলে তা তাকে দিয়ে দিতে হবে। কারও অনুমতির বাইরে তার মালিকানাধীন সম্পদ ব্যবহার করার সুযোগ নেই অন্য কারও। এটাও একপ্রকার খেয়ানত। মালিকের কখনও আকস্মিকভাবেই ধার দেওয়া সে জিনিসটির প্রয়োজন দেখা দিতে পারে। তখন যদি তাকে তা ফেরত না দেওয়া হয়, তাহলে সে ক্ষতিগ্রস্ত হতে পারে। উপকার যিনি করলেন, উপকারগ্রহীতার পক্ষ থেকে তিনি যেন উপকার করতে গিয়ে কোনোরূপ ক্ষতির শিকার না হনÑ এ দিকটি অবশ্যই লক্ষ রাখতে হবে।
