
ওমর ফারুক
গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ায় ‘সুচিন্তা বাংলাদেশ’ নামের একটি এনজিও সংস্থা জঙ্গীবাদবিরোধী এক অনুষ্ঠানের আয়োজন করে। ওই সমাবেশে মাদরাসার শিক্ষক শিক্ষার্থীদের দাঁড়িয়ে নারী কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায়। যদিও শিক্ষক-শিক্ষার্থীদের অধিকাংশই এসময় চুপ ছিলেন। কয়েকটি টিভি চ্যানেলে এ দৃশ্য প্রচারিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় উঠে সমালোচনার ঝড়। এ দৃশ্য মেনে নিতে পারছিলেন না দেশের ধর্মীয় সমাজের একটি বড় অংশ। একে আলেমদের মেরুদন্ডহীনতা বলেও অনেকে মন্তব্য করেছেন। তবে সেদিন আসলে কী ঘটেছিল সেখানে, এ সত্যটি আজও সামনে আনার চেষ্টা করেনি কোনো গণ্যমাধ্যম। ফাতেহ২৪ এর পক্ষ থেকে এ রহস্য উদঘাটনের চেষ্টা হয়েছে।
মাদরাসাটির সংশ্লিষ্ট ও স্থানীয় কয়েকজন আলেমের সঙ্গে কথা বলে জানা যায়, সোশ্যাল মিডিয়ায় যা প্রচারিত হচ্ছে বা যেসব মিশ্র প্রতিক্রিয়া সামনে আসছে, এসব পুরোপুরি সত্য নয়। অনেকে আবেগেবশত বা না জেনেই মন্তব্য করছেন। সমালোচনারও একটি সীমা থাকা প্রয়োজন বলে তারা মনে করছেন। তারা বলছেন, প্রকৃত সত্যটা না জেনে এভাবে ঢালাও সমালোচনা করা উচিত নয়। ইসলামেও এ ধরণের চর্চা থেকে বিরত থাকতে বলা হয়েছে। তাহলে কী ঘটেছিল সেদিন, সে বিষয়ে কথা হয় দারুল মাআরিফের শিক্ষক মাওলানা মাহমুদ মুজীবের সাথে।
তিনি জানান, সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক,এডিশনাল পিপি ও কারা পরিদর্শক এ্যাডভোকেট জিনাতা সোহানার নেতৃত্বে গত বছর কয়েকজন ব্যক্তি এসে জঙ্গিবাদ বিরোধী একটি অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিলেন। তাদের সঙ্গে একজন প্রশাসনিক কর্মকর্তাও ছিল। আমরা প্রাথমিকভাবে অনুমতি দেইনি। আর সেসময় আমাদের মাদরাসায়ও পরীক্ষা চলছিল। আল্লামা সুলতান যওক নদভী সাহেব তাদের বুঝিয়ে ফেরত পাঠান। এবছর কুরবানির ১০ -১৫ দিন আগে তারা আবার আসেন। যে কোনো উপায়ে তাদের একটি অনুষ্ঠান করতে হবে এমন আবেদন জানান। তাদের সঙ্গে পুলিশ কমিশনারও ছিল।
‘ মাদরাসা কর্তৃপক্ষ তাদের কাছে জানতে চান, কোন উদ্দেশ্যে তা করা হবে, তারা জানান, সংগঠনটি সরকারের কাছে তুলে ধরবে যে মাদরাসাগুলো জঙ্গিবাদবিরোধী অবস্থানের পক্ষে। অনুষ্ঠানসূচি সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, তাদের দু’জন থাকবেন আর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালাম, চান্দগাও থানা পুলিশ ও পুলিশ কমিশনার আসবেন। আর এলাকার ওয়ার্ড কমিশনার থাকবেন। এসময় কুরআন তেলাওয়াতের পরে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার কথা তুললে আমরা আপত্তি জানিয়ে বলেছিলাম, মাদরাসার শিক্ষার্থীরা এভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার সঙ্গে অভ্যস্ত নয়। আপনাদের এটি বাদ দিতে হবে। আমাদের পক্ষে এভাবে গাওয়া সম্ভব হবে না। এসময় তারা এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি। শুধু তারিখ নির্ধারণ করে চলে যান।’
‘আমরা ধরেই নিয়েছিলাম তারা হয়তো আমাদের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। নির্ধারিত তারিখে তারা মাদরাসার কেন্দ্রীয় লাইব্রেরিতে এ অনুষ্ঠানের আয়োজন করেন। কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কুরআন তিলাওয়াতের পরই তাদের উপস্থাপক জাতীয় সঙ্গীত গাওয়ার ঘোষণা দেন এবং কেউ কিছু বুঝে উঠার আগেই ইউটিউব থেকে মিউজিকযুক্ত সঙ্গীত বাজাতে শুরু করেন। ঘটনার আকষ্মিকতায় সবাই অত্যন্ত ভারাক্রান্ত মনে অনেকটা বাধ্য হয়ে দাঁড়ান।
আপনারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেননি কেন, এমন প্রশ্নে তিনি বলেন, সেখানে পুলিশ কমিশনার ও সিডিএফ চেয়ারম্যান উপস্থিত থাকায় বিষয়টি সম্ভব হয়নি। বিষয়টি যেহেতু জাতীয় সঙ্গীত, তাই তখন মিউজিকের প্রতিবাদ করলে ওরা মিডিয়াতে জাতীয় সঙ্গীতের অবমাননা বলেই চালিয়ে দিতো। চারপাশে মিডিয়ার লোকজন ছিল। টিভি চ্যানেল ছিল। আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখালে হয়তো বিষয়টি হয়তো আরও ঘোলাটে হতো। যার খেসারত হয়তো পুরো কওমি অঙ্গনকে দিতে হতো।
তিনি জানান, তবে আমাদের এই বিবেচনা ভুল হতে পারে, তবে তা ছিলো সম্পূর্ণ অনাকাঙ্খিত ও অসতর্কতাবশত। তবে যেহেতু হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতোই একটি ঘটনা ঘটেছে, সেহেতু হাজারো আবেগ আহত হওয়াটাই স্বাভাবিক। আমরাও হয়েছি। তবে সমালোচনার ক্ষেত্রে আরও যাচাই বাছাই করে হওয়া উচিত ছিল।
অনেকে অভিযোগ তুলেছেন, অর্থের বিনিময়ে বা স্বার্থের জন্য এ সঙ্গীত গাওয়া হয়েছে এ বিষয়ে তিনি বলেন, না জেনে এ ধরণের মন্তব্য করা কতটুকু সমুচিত তারাই ভালো জানেন। তবে অনেকে গ্রেটওয়াল নির্মাণ করে দেওয়ার বিনিময়ে এটা গাওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন। অথচ এখানে গ্রেটওয়াল নামের কিছুর অস্তিত্ব নেই। তবে হ্যাঁ, অনেক দিন আগে মাদরাসার পার্শ্ববর্তী খাল পরিস্কার করার সময় একটি ওয়াল ক্ষতিগ্রস্থ হয়। প্রায় তিন বছর আগে সিটি মেয়র মহোদয় এটি পুণ:নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। যা এখনো বাস্তবায়ন হয় নি।
আপনারা এ আপত্তিজনক ঘটনার বিষয়ে তাদের কাছে কোনো প্রতিবাদ ব্যক্ত করেছেন বা ব্যাখ্যা চেয়েছেন, এমন প্রশ্নে মাহমুদ মুজীব বলেন, অনুষ্ঠান শেষ হওয়ার পর তারা মেহমানদারি শেষ করে তাৎক্ষণিক চলে যান। তবে জিনাতা সোহানা ব্যক্তিগতভাবে বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন। তাৎক্ষণিক মিউজিকবিহীন কোনো জাতীয় সঙ্গীত ইউটিউবে পাওয়া যাচ্ছিল না বলেই নাকি তারা এটি চালু করেন।
এ বিষয়ে স্যোশ্যাল মিডিয়ায় প্রকাশিত প্রতিক্রিয়াগুলো নিয়ে কথা হয়েছিল চট্টগ্রামের প্রবীণ আলেম আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে। তিনি জানান, একজন আল্লাহর ওলি ও অত্যন্ত পরহেযগার মানুষ ও তার প্রতিষ্ঠানকে নিয়ে যে ধরণের বক্তব্য সামনে আসছে, তা অত্যন্ত দুঃখজনক। সমালোচনারও একটি সীমা ও লাগাম থাকা প্রয়োজন। প্রকৃত ঘটনা না জেনেই তারা এমন সমালোচনা করছেন। সেখানে যা হয়েছিল ব্যক্তিগতভাবে আমি খোঁজ নিয়ে জেনেছি, আকস্মিক এ ঘটনায় তারা নিজেরাও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন। মাদরাসার যে সকল দায়িত্বশীলরা সেখানে ছিলেন তারাও অত্যন্ত পরহেযগার ও উচ্চ পর্যায়ের আলেম। এটা তাদের সম্মতি ছাড়াই চাপিয়ে দেওয়া হয়েছে। স্বেচ্ছায় একজন খোদভীরু ও পরহেযগার মানুষের মাদরাসায় এমনটি হতে পারে আমরা কল্পনাও করতে পারি না।সমালোচকদের বুঝা উচিত ছিল এটি ছিল আকস্মিক একটি ঘটনা। প্রকৃত ঘটনা যাচাই না করে এ ধরণের সমালোচনা কাম্য নয়।’
