খালেদার বেসরকারি হাসপাতালে চিকিৎসায় আইনি বাধা নেই: আইনজীবী

ফাতেহ ডেস্ক: বেসরকারি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় কোনো বাধা নেই বলে হাইকোর্টকে জানিয়েছেন তার আইনজীবী এজে মোহাম্মদ আলী।

এটি রোগীর ব্যক্তিগত বিষয় বলেও মত তার। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন, কারাবন্দির সুচিকিৎসার সব ব্যবস্থা আছে বঙ্গবন্ধু মেডিকেলে। অন্য কোনো হাসপাতালে নেয়ার আইনি বিধান নেই।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত মাসেরও বেশি সময় ধরে নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়া। কারাগারের অস্থায়ী আদালতে জিয়া চ্যারিটেবল মামলায় এক কার্যদিবসে হাজির হলেও, পরে আর আসেননি অসুস্থতার কারণ দেখিয়ে। বেসরকারি হাসপাতালে চিকিৎসা চেয়ে করার রিটের শুনানি হয়েছে হাইকোর্টে।

গত সপ্তাহে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেছিলেন কারা কর্তৃপক্ষ যেখানে চাইবে সেখানেই চিকিৎসা নেবেন খালেদা জিয়া।

তবে, মঙ্গলবার সকালে হাইকোর্টে সুচিকিৎসার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে তার আইনজীবী এজে মোহাম্মদ আলী বেসরকারি হাসপাতাল ইউনাইটেডে চিকিৎসার কথা বলেন। রোগীর ইচ্ছামতো অন্য হাসপাতালে চিকিৎসা নিতে আইনে কোন বাধা নেই বলে জানান তিনি।

তবে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সব ধরণের বিশেষায়িত চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া আইনানুযায়ী বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামিকে অন্য কোন হাসপাতালে চিকিৎসা দেয়ার সুযোগ নেই।

খালেদা জিয়ার সুচিকিৎসার নির্দেশনা চেয়ে করা রিটের পরবর্তী শুনানি হবে পহেলা অক্টোবর হাইকোর্টের নিয়মিত বেঞ্চে। এদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দুই আসামির আদালতের প্রতি অনাস্থার আবেদনের আদেশ দেয়া হবে বুধবার।

আগের সংবাদসিনহা বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন: অ্যাটর্নি জেনারেল
পরবর্তি সংবাদতাওবাহ: সফলতার সোপান