পদ্মা নদীর ভাঙ্গন কি নিয়ন্ত্রণ করা সম্ভব?

ওমর ফারুক

ভাঙছে নদী, ভাঙছে হৃদয়। নিঃস্ব হচ্ছে মানুষ। নদীর স্রোতে ভেসে যাচ্ছে বাড়িঘর। সম্প্রতি বাংলাদেশে পদ্মা নদীর তীব্র ভাঙ্গনে তীরবর্তী নড়িয়া উপজেলায় শত শত ঘরবাড়ি ও বড় বড় স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনো ভাঙছে। এর ফলে চার হাজারেরও বেশি পরিবার সহায় সম্বলহীন হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এর বেশ কিছু চিত্র ভাইরাল হয়ে পড়েছে। শরীয়তপুর জেলায় প্রায় আড়াই লাখ মানুষের উপজেলা নড়িয়া এখন নদী ভাঙ্গনের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছে বলে স্থানীয় লোকজন বলছেন।

গত আড়াই মাস ধরে চলা নদী ভাঙ্গন পুরো উপজেলার মানুষের মধ্যে আতংক সৃষ্টি করেছে। তারা অভিযোগ করেছেন,বছরের পর বছর নদী শাসন বা খনন না করায় এবার পদ্মা নদীর ভাঙ্গন অন্য যেকোনো সময়ের তুলনায় ভয়াবহ রূপ নিয়েছে।

কেন বাড়ছে নদী ভাঙন?

বিশেষজ্ঞরা মনে করেন, নদীর গতি রোখার চেষ্টার কারণে নদীভাঙন ঘটতে পারে৷ অনেক সময় নদীর মাঝখান দিয়ে আড়াআড়িভাবে বাঁধ দেয়ার চেষ্টা করা হয়, যা ভাঙন সৃষ্টি করতে পারে৷ অপরিকল্পিতভাবে নদীর গতিপথ পরিবর্তনের চেষ্টাও নদী ভাঙনের এক বড় কারণ৷ বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল মতিন  বলেন, ‘নড়িয়ায় নদী ভাঙার অন্যতম কারণ হচ্ছে, প্রায় তিন কিলোমিটার জায়গাজুড়ে একটি চর ভেসে উঠছে। যার প্রশস্ততা দেড় কিলোমিটার। এ ছয় কিলোমিটার জায়গার মধ্যে মাত্র তিন কিলোমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আর এ পানি সামনে একটি বাঁকে যেয়ে তীরে তীব্র চাপ সৃষ্টি করছে। যার কারণে ভাঙন সৃষ্টি হচ্ছে। এছাড়া অপরিকল্পিত বালি তোলার কারণেও নদীর স্বাভাবিক গতিপথ পাল্টে যাচ্ছে। এ গতিপথ নিয়ন্ত্রণ করার জন্য উন্নত দেশগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও আমাদের দেশে এগুলো এখনো সম্ভব হয়ে উঠেনি।’

পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, ‘আমাদের দেশটা পলিমাটি দিয়ে গড়া। সে হিসেবে পর্যাপ্ত সয়েল নেই। ফলে যে বেগে নদী প্রবাহিত হয় সেটা ধারণ করার মতো ক্ষমতা নেই। তবে উন্নত দেশ চায়না, থাইল্যান্ড এসব দেশের নদীর তীর পাথরের। ফলে প্রতিরোধ করা সম্ভব হয়। আর আমাদের পলি মাটি হওয়ার কারণ প্রবাহের সঙ্গে সঙ্গে ভাঙনও শুরু হয়।’

এ বিষয়ে ফাতেহ২৪ এর সঙ্গে কথা বলেছেন বুয়েটের পানি সম্পদ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শেখ আসিফ। নদী ভাঙার কারণ তুলে ধরে তিনি বলেন, এর কয়েকটি কারণ রয়েছে। এর একটি হচ্ছে ডিসচার্জ। অর্থাৎ নদীতে কতটুকু পানির ফ্লো হচ্ছে, যেমন যমুনা নদীতে পানির ফ্লো অনেক বেশি ও ছোট নদীগুলোতে অনেক কম। তবে প্রত্যেক নদীর পানি একটা নিরাপদ পানি প্রবাহের ক্ষমতা থাকে। এর চেয়ে বেশি প্রবাহ আসলে নদীর তীরে ভাঙন হয়।

‘ দ্বিতীয় কারণ হচ্ছে, নদীর গভীরতা। নদীতে গভীরতা বেশি হলে এর ভেলোসিটি বা বেগ বেশি হয়। গভীরতা বেশি থাকলে পানিটা তাড়াতাড়ি বঙ্গোপসাগরে চলে যায়। এছাড়াও আমাদের নদীগুলোর প্রশস্ততা একটু বেশি। আর প্রশস্ততা বেশি থাকার কারণেও ভেলোসিটি একটু কম। যার কারণে ধারণ ক্ষমতার অতিরিক্ত পানি তীরে যেয়ে দীর্ঘসময় ধরে চাপ দেয়। এর এ থেকেও ভাঙন তৈরি হতে পারে।’

‘ইউরোপের দেশগুলোর মত আমাদের দেশের নদী তীরগুলো পাথুরে ধরনের না। ফলে ওখানকার নদীর তীর সহজে ভাঙে না । কিন্তু আমাদের দেশে পলিমাটি গঠিত তীর সহজেই ভেঙে যায়। আরেকটি কারণ হচ্ছে আমাদের নদীগুলোর স্লোপ অর্থাৎ ঢালটা অনেক কম। পক্ষান্তরে ঢাল বেশি হলে পানিটা তাড়াতাড়ি অতিক্রম করে বঙ্গোপসাগরে চলে যেত। এখন ঢাল যেহেতু কম তাই পানিটা অতিক্রম করতে অনেক সময় লাগে। আর সময় বেশি লাগলে তীরে যেয়ে বেশি ইফেক্ট হয়। আর তীরে প্রোটেকশন বা প্রতিরোধ ব্যবস্থা না থাকলেই নদী ভাঙন শুরু হয়। শরিয়তপুরের নড়িয়ায় এটাই হচ্ছে।’

‘নদীর কোনো একটা জায়গায় বেঁধে দিলে বা প্রটেকশন দিলেও সেটা ইফেক্ট অন্য কোথাও গিয়ে হয়ই। যেমন পদ্মা ব্রীজের কারণে যে নদী শাসন গুলো করতে হয়েছে সেগুলোর ইফেক্ট উজানে  বা ভাটিতে গিয়ে পড়বে। যেখানে ভাঙনটা প্রতিরোধ করা হবে সেটা সামনে কোথাও যেয়ে ভাঙবে না হয় পেছনে কোথাও যেয়ে । আসলে কোনো নদী ভাঙন ১০০% প্রতিরোধ করা যাবে না।’

’ তাই পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল বাছাই করে সেখানে কাজ করতে। কারণ তীরবর্তী এলাকা এত বিশাল যে সবটুকু একসাথে রক্ষা করা আমাদের অর্থনৈতিক  সাধ্যের মধ্যে সম্ভব নয়।এছাড়াও নদীগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ভারতের কারণে। ভারত হঠাৎ করে পানিগুলো ছেড়ে দেয়। তারা খড়া মৌসুমে পানিগুলো আটকে রাখে আর বর্ষায় ছেড়ে দেয়।’

তাহলে কী করে এর প্রতিরোধ সম্ভব, এ প্রশ্নে তিনি বলেন, আসলে এটির জন্যে চূড়ান্ত কোনো সমাধান নেই যে একটি সমাধানেই এর সব ঠিক হয়ে যাবে। প্রথমত বিষয় হচ্ছে এর জন্য ড্রেজিং করতে হবে। ড্রেজিং করলে নদীর গভীরতা বাড়ে। তবে ইন্ডিয়া থেকে পানির সঙ্গে যে পলি মাটি আসে এগুলো আবার ড্রেজিং এর জায়গাটা ভরাট করে ফেলে। প্রচুর পলিমাটি আসার কারণে এমনটি হচ্ছে। । তবে ড্রেজিংটা অনেক ব্যয়বহুল একটি বিষয়। এবং এটিও একমাত্র কোনো সমাধান নয়।

‘তীরে জিওব্যাগ (বালির বস্তা) ফেলে দিয়েও প্রতিরোধ করার একটি ব্যবস্থা রয়েছে। তবে এটিরও একটি ধারণ ক্ষমতা রয়েছে। বেশি পানির ফ্লো আসলে এটিও ব্যর্থ হতে পারে। তাছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নদী ভাঙন রোধে রিভেটমেন্ট বা হার্ড প্রটেকশন ও করেছে। যার মাধ্যমে সিরাজগঞ্জ শহর সহ অনেক এলাকা রক্ষা পেয়েছে। তবে সত্যি কথা প্রকৃতিরও কিছু হাত রয়েছে। কোনো কিছু সীমার বাইরে গেলেই প্রকৃতি অন্যদিকে গড়ায়। এটিও স্বীকার করে নিতে হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অনেক টাকা ব্যয় করছে এগুলোর পেছনে। তবে নদীকে যথেষ্ট পরিমাণে শাসন করাও অনেক সময় এবং অর্থের ব্যাপার।’

আগের সংবাদইলিশ আহরণে নিষেধাজ্ঞার আগে বেড়েছে দাম
পরবর্তি সংবাদফিলিস্তিনি শরণার্থীদের জন্য ১১৮ মিলিয়ন ডলার