ইন্দোনেশিয়ায় সুনামি: নিহতের সংখ্যা বেড়ে ৮৩২

ফাতেহ ডেস্ক: ইন্দোনেশিয়া ভূমিকম্প ও সুনামিতে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। রোববার পর্যন্ত প্রায় ৮৩২ মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে বলে জানানো হয়েছে আল-জাজিরার এক প্রতিবেদনে।

শুক্রবার দেশটির সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পের পর ভয়াবহ সুনামি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। সুনামির ফলে সৃষ্ট ছয় থেকে সাত ফুট উঁচু ঢেউ সুলাওয়েসির পালু শহরকে ভাসিয়ে নিয়ে গেছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর জানিয়েছে, এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে চার শতাধিক ব্যক্তি। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৫৪০ জন। সুনামির পর ইতোমধ্যেই উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে বেশির ভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকার কারণে এবং যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট জুসুফ কাল্লা জানান, আক্রান্ত এলাকায় ভূমিকম্প-পরবর্তী দেড়শ’র মতো আফটারশক আঘাত হেনেছে। প্রায় ৩ লাখ মানুষের বসবাসের জায়গা দঙ্গালায় (ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশের আবাসিক এলাকা) যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষের যে ভোগান্তি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

প্রসঙ্গত, ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ভারত মহাসাগরের উপকূলজুড়ে ২ লাখ ২৬ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিলো। নিহতদের মধ্যে ১ লাখ ২০ হাজার ইন্দোনেশিয় ছিলো। এছাড়া গত মাসে ইন্দোনেশিয়ার লম্বোক দ্বীপে কয়েক দফা ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে গত ৫ আগস্টের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে লম্বোক দ্বীপেই ৪৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।

আগের সংবাদসোহরাওয়ার্দী ‍উদ্যানে বিএনপি নেতাকর্মীদের ঢল
পরবর্তি সংবাদখালেদা জিয়ার জামিন কেন বাতিল নয়, জানতে আদালতের নির্দেশ