সম্পাদকদের আপত্তি মন্ত্রিসভায় তোলার আশ্বাস আইনমন্ত্রীর

ফাতেহ ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের আপত্তি মন্ত্রিসভায় তোলার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সচিবালয়ে দুপুরে সম্পাদক পরিষদ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। অন্যদিকে, আইনটি রাষ্ট্রপতির অনুমোদন পেলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা জানিয়েছেন সম্পাদক পরিষদ নেতারা।

সাংবাদিক সংগঠনগুলোর আপত্তির মুখেও গত ২০ সেপ্টেম্বর সংসদে পাশ হয় ডিজিটাল নিরাপত্তা বিল ২০১৮। এর প্রতিবাদে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ শনিবার মানববন্ধনের কর্মসূচি দেয়। তবে তথ্যমন্ত্রীর আলোচনায় বসার প্রস্তাবে এ কর্মসূচি স্থগিত করা হয়।

সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে রোববার বৈঠকে বসেন, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। প্রায় আড়াই ঘন্টা বৈঠক শেষে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম বলেন, সংসদে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা বিল স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি তৈরি করবে। বিলের নয়টি ধারা নিয়ে সংগঠনের আপত্তিও তুলে ধরেন তিনি।

তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের বিষয়ে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

বৈঠকে কিছু বিষয়ে মতৈক হয়েছে বলে দাবি করেন আইনমন্ত্রী। তিনি বলেন, সাংবাদিকদের আপত্তির বিষয়গুলো আগামী মাসে মন্ত্রিসভা বৈঠকে তোলা হবে।

পরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন তথ্যমন্ত্রী ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী।

আগের সংবাদসমাবেশ থেকে বিএনপির ৭ দাবি ২ কর্মসূচি
পরবর্তি সংবাদচিরনিদ্রায় শায়িত মাওলানা আহলুল্লাহ ওয়াসেল