
ফাতেহ ডেস্ক: নির্বাচন সামনে রেখে ৭ দফা দাবি আদায়ে রাজপথ দখলে রাখতে চায় বিএনপি। এ ক্ষেত্রে সমমনা দল বা জাতীয় ঐক্যের সঙ্গে মিল রেখে কর্মসূচি দেয়া হতে পারে বলেও জানাচ্ছেন দলটির নীতিনির্ধারকেরা। পাশাপাশি থাকছে সরকার-বিরোধী আন্দোলনে জনসাধারণকে সম্পৃক্ত করার উদ্যোগ।
সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা দাবি বিএনপির। আর এসব দাবি আদায়ে ৩ অক্টোবর জেলায় এবং ৪ অক্টোবর মহানগরে সমাবেশের ঘোষণা দলটির।
নীতিনির্ধারেকেরা বলছেন, সরকার ৭ দফা না মানা পর্যন্ত একের পর এক আসবে কর্মসূচি।
পাশাপাশি সম-মনা দল ও জাতীয় ঐক্যের সঙ্গে সঙ্গতি রেখে কর্মসূচি দেয়া গেলে তা আরও ফলপ্রসূ হবে বলেও মনে করছেন বিএনপি নেতারা।
সরকারবিরোধী সব দল ঐক্যবদ্ধভাবে রাজপথে নামলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার বাধ্য হবে বলেও বিশ্বাস দলটির নীতিনির্ধারকদের।
