দেশব্যাপী ওয়াজাহাতি জোড় : তাবলীগের সঙ্কট নিরসনে কতোটা ভূমিকা রাখছে?

ওমর ফারুক

তাবলীগ জামাতের চলমান সঙ্কট নিরসন ও মাওলানা সা’দ কান্ধলভীর ভ্রান্ত বক্তব্য সাধারণ মানুষের কাছে স্পষ্ট করার লক্ষ্যে গত ২৮ জুলাই মুহাম্মদপুরে অনুষ্ঠিত হয়েছিল তাবলীগের ‘ওয়াজাহাতি জোড়’। তারপর থেকে একই ধারাবাহিকতায় সারাদেশে ওয়াজাহাতি জোড়ের আয়োজন হয়ে আসছে। সর্বশেষ গত শনিবার রাজধানীর মিরপুরে ওয়াজাহাতি জোড় অনুষ্ঠিত হয়।

ওয়াজাহাতি জোড়ে আলেম ওলামা ও তাবলীগের সাধারণ সাথীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও তা চলমান সঙ্কট নিরসনে কতোটা ভূমিকা রাখছে, মাঠ পর্যায়ে তাবলীগের সাধারণ সাথীদের মাঝে সঙ্কট ও তার সমাধান স্পষ্ট করতে কতোটা সফল এ ওয়াজাহাতি জোড়, জানতে কথা হয়েছিল ওয়াজাহাতি জোড়ের আয়োজক আলেম ও পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছেন,এমন কয়েকজনের সঙ্গে। মতামত দিয়েছেন দেশের তরুণ চিন্তাশীল আলেমরাও।

ওয়াজাহাতি জোড়ের আয়োজক কমিটির সদস্য, আল মানহাল মডেল কওমী মাদরাসা উত্তরা’র প্রতিষ্ঠাতা পরিচালক ও হেফাজতে ইসলাম ঢাকা উত্তর জোনের যুগ্ম আহ্বায়ক মুফতী কেফায়াতুল্লাহ আজহারী ফাতেহ২৪ কে বলেন, ‘তাবলীগের এমন সঙ্কটে ‘ওয়াজাহাতি জোড়’ এটি আল্লাহ তায়ালার বিশেষ মেহেরবাণী। আল্লাহ তায়ালা এটি মুরুব্বীদের যেহেনে ঢেলে দিয়েছেন। ওয়াজাহাতি জোড় শুধু আলেম ওলামাদের একপেশে কার্যক্রম নয়। এটি আলেম ওলামা ও কাকরাঈলের মুরুব্বীদের মাশওয়ারা ও পরামর্শক্রমে শুরু করা হয়।’

ওয়াজাহাতি জোড় সাধারণ মানুষের মাঝে কতোটা প্রভাব ফেলতে পেরেছে বলে আপনি মনে করছেন, এ প্রশ্নে মুফতি কেফায়েতুল্লাহ বলেন, ‘এ জোড়ের আগে তাবলীগের সাধারণ মানুষের মাঝে বিষয়গুলো স্পষ্ট ছিল না। না বুঝার সংখ্যাটাই ছিল বেশি। যার কারণে সঙ্কট সমাধানে কোনো মজমা বা বৈঠকের ব্যবস্থা করা হলে সেখানে তাবলীগ সংশ্লিষ্ট  আলেম ওলামা বা ইমাম খতিবদের সংখ্যাই বেশি দেখা যেতো। সাধারণ সাথীদের তেমন অংশগ্রহণ ছিল না। কিন্তু মুহাম্মদপুরের ওয়াজাহাতি জোড়ে দেখা গেছে সারা বাংলাদেশের প্রতিটি জেলা, থানা, ইউনিয়ন ও গ্রাম থেকে কয়েক লাখ আলেম ওলামা ও সাধারণ সাথী অংশ নিয়েছেন। তারা বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছেন ও গুরুত্ব উপলব্ধি করতে পেরেছেন। তারা এখান থেকে জিম্মাদারি নিয়ে এলাকায় গেছেন। সেদিনের ওয়াজাহাতি জোড়ের ঘোষণা শুধু জেলা পর্যায়ে কার্যকর হয়েছে এমন নয়, সারা বাংলাদেশের প্রতিটি থানা, ইউনিয়ন, গ্রাম মহল্লা ও মসজিদভিত্তিক আমলেও ওয়াজাহাতি জোড়ের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন অন্তত ডজন খানিক ওয়াজাহাতি জোড় গোটা বাংলাদেশে হচ্ছে।’

কেফায়েতুল্লাহ আজহারী বলেন, আল্লাহর রহম ও দয়ায় এর সুফলও খুব স্পষ্ট। এতোদিন  সাধারণ সাথীদের কাছে সঙ্কট অস্পষ্ট হবার কারণে তাবলীগের মারকাযগুলোতে এতাআতপন্থীদের যে একচেটিয়া প্রভাব ছিল, ওয়াজাহাতি জোড়ের বরকত ও সুফলে মারকাযগুলোতে ওলামায়ে কেরাম ও তাদের পক্ষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উদাহরণ স্বরূপ চাঁদপুর ও ময়মনসিংহ জেলার মারকাযগুলোতে ওলামাদের কার্যক্রম তেমন একটা ছিল না। এখন এ ওয়াজাহাতি জোড়ের মাধ্যমে আল্লাহ এসব জায়গাগুলোতেও হকের কাজে ওলামাদের গালেব করে দিয়েছেন। এছাড়া শনিবার মিরপুরের ওয়াজাহাতি জোড়ে শতকরা ৮০ ভাগ ছিল সাধারণ মানুষ । এর দ্বারা হকের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এর সুফল সারা বাংলাদেশের সকল সাথীরা পাচ্ছেন। মারকায ও মহল্লাওয়ালারাও পাচ্ছেন। ইতিমধ্যেই এর ৫০ ভাগ ফলাফল আমাদের সামনে চলে এসেছে।

এ বিষয়ে মিরপুর ওয়াজাহাতি জোড়ের আয়োজক কমিটির অন্যতম সদস্য মুফতি শামছুদ্দোহা মনে করেন, ‘ওয়াজাহাতি জোড় ছিল একটি প্রয়োজনীয় উদ্যোগ। তাবলীগের চলমান সঙ্কটে আলেম ওলামাদের অবস্থান কী হবে, এটি স্পষ্ট করা প্রয়োজন ছিল। আগে ছিল ব্যক্তিকেন্দ্রিক অবস্থান। এখন ওয়াজাহাতি জোড়ের মাধ্যমে এটি সামষ্টিকতায় রূপ নিয়েছে। আলহামদুলিল্লাহ! এর মাধ্যমে আলেমরা তাদের অবস্থান স্পষ্ট করতে পেরেছেন এবং সাধারণ সাথীদের বুঝাতেও সক্ষম হচ্ছেন। মিরপুরের ওয়াজাহাতি জোড় এ সাফল্যের চিত্রই তুলে ধরেছে।’

তিনি বলেন, ‘এতাআতিদের মাঝেও দুটি গ্রুপ রয়েছে। যাদের একটি শ্রেণি বাঁচা মরার লড়াইয়ের মতো সা’দ সাহেবকে অনুসরণ করছেন। তাদের বারবার আমন্ত্রণ জানানোর পরও তারা ওয়াজাহাতি জোড়ে আসেনি। আর যারা মাওলানা ইলিয়াছ রহ. এর বংশধর হওয়ার কারণ ব্যক্তিগতভাবে সা’দ সাহেবকে মুহাব্বত করেন, যে মুহাব্বত তার প্রতি আমাদেরও রয়েছে। এসব মুহাব্বতের লোকজনও এসেছেন। বিষয়গুলো সম্পর্কে তারা স্পষ্ট হয়েছেন।’

মুফতী শামসুদ্দোহা বলেন, ‘অনেকে এ জোড় সম্পর্কে অভিযোগ করেন, তাবলীগে ওয়াজাহাতি জোড় বলতে কিছু নেই। এর জবাব হচ্ছে, তাবলীগের সঙ্কট নিরসনকল্পে এ জোড় হয়েছে। এটা আলেম ওলামাদের তাৎক্ষণিক সিদ্ধান্ত। সঙ্কট নিরসনে এ ধরণের জোড়ের আয়োজন আলেমরা করতেই পারেন। অনেকে এখান থেকে তো কোনো জামাত বের হয় না বলেও অভিযোগ করেন। তাদের বলবো, তাবলীগের সঙ্গে আলেমদের বিশাল একটি অংশ সম্পৃক্ত হচ্ছে, এটার চেয়ে বড় জামাত আর কী হতে পারে। এখন আলেম ওলামারা ব্যাপকহারে এ কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমাদের এলাকা ও মাদরাসা থেকেও এ জোড় উপলক্ষ্যে ২০০ শিক্ষার্থী তাবলীগে বের হয়েছেন।

জনপ্রিয় লেখক ও অনুবাদক আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘মাওলানা সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ জামাতে আজ যে প্রচণ্ড সংকট চলছে,আজ থেকে প্রায় দু বছর আগেই তার শুরু হয়েছিল। মাওলানা সাদ সাহেবের বেশ কিছু বিভ্রান্তিকর বয়ান ও স্বেচ্ছাচারী সিদ্ধান্তকে কেন্দ্র করে সারা পৃথিবীর দ্বীনদার সমাজের মাঝে চরম অস্থিতিশীলতা জন্ম নেয়। যার পরিপ্রেক্ষিতে নিযামুদ্দিন মারকাজের সকল মুরুব্বি ও আকাবির মারকাজ ত্যাগ করে চলে গেছেন। বিষয়টি নিয়ে যখন সারা বিশ্বের সচেতন মুসলমান ও উলামায়ে কেরাম দারুল উলূম দেওবন্দের কাছে সমাধান প্রার্থনা করে, তখন দারুল উলূম দেওবন্দ সর্বপ্রথম একটি ‘ওজাহাতি ঘোষণা’ প্রকাশ করে সারা বিশ্বকে অবহিত করে।বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও কাকরাইলের মুকিম আহলে শূরা দারুল উলূম দেওবন্দের সেই ‘ওজাহাতি ঘোষণা’ বাংলাদেশের দ্বীনদার মহলকে জানাতেই এই ‘ওজাহাতি জোড়গুলো’ আয়োজন করে চলেছেন।’

‘এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দারুল উলূম দেওবন্দ যে ওজাহাতি ঘোষণা প্রকাশ করেছে আজ থেকে প্রায় দু’ বছর পূর্বে, সেই ঘোষণার ওপর দারুল উলূম দেওবন্দ এখনো অটল-অবিচল রয়েছে। দুঃখের বিষয় হলো, বাংলাদেশের একটি মহল সেই ওজাহাতনামা নিয়ে বারবার মিথ্যাচার করছে। এই পরিস্থিতিতে মাওলানা সাদ সাহেবের বয়ানগুলো কেন কুরআন ও হাদীসের মানদণ্ডে ভুল ও আহলে সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ থেকে বিচ্যুত, সেটা বোঝাতে এই ওজাহাতি জোড়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। যত দিন গড়াচ্ছে, ততই এই জোড়গুলোর উপকারিতা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে।’

তবে কিছুটা ভিন্নমত পোষণ করেছেন তরুণ আলেম মুর্শিদ সিদ্দিকী। তিনি বলেন, তাবলীগ জামাতের বিবাদমান দুই গ্রুপের মধ্যকার দীর্ঘদিন ধরে চলে আসা সংকট এখন আর রয়েসয়ে চেঁপে রাখার পর্যায়ে নেই। এই সংকট এখন স্পষ্ট বিভাজন-বিভক্তির পর্যায়ে পৌঁছে গেছে। এমতাবস্থায় সাধারণ মানুষজন যেন বিভ্রান্ত না হয় সে জন্য’ই মূলত উলামায়ে কেরাম দেশব্যাপী এই সমস্ত ওয়াজাহাতি জোড় পরিচালনা করছেন। তবে এই সমস্ত জোড় সংকট সমাধানে কি ভূমিকা রাখছে তা এই মূহূর্তে বলা কঠিন।

‘এই সমস্ত জোড়ে উলামায়ে কেরাম ব্যাপকভাবে অংশ গ্রহন করছেন, এটা একটা ইতিবাচক দিক। তবে সাধারণ সাথীদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে এই কাজের সাথে জড়িত আছেন, তাদের বৃহৎ অংশ কিন্তু এখনো মূল ধারা বা আলেমদের কাছ থেকে বিচ্ছিন্নই রয়ে যাচ্ছেন। এই বিচ্ছিন্নতা আলাদা কোন ফেরকার জন্ম দেয় কিনা, সেটাই এখন আশঙ্কার বিষয়। এ জোড় কতোটা সফল হবে এর জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।’

আগের সংবাদগাজীপুরে বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক নিহত, দগ্ধ ২০
পরবর্তি সংবাদOn Why You Ought To Be Picked how to Produce a Persuasive Essay