
ওমর ফারুক
সদ্য চির বিদায় নিয়েছেন দেশের জনপ্রিয় আলেম ও রাজনীতিবিদ মাওলানা আহলুল্লাহ ওয়াসেল। হাফেজ্জী হজুর (রহ.) এর স্নেহভাজন এ শিক্ষার্থী দীর্ঘদিন আল্লামা মুফতি আমিনী (রহ.) এর প্রেস সচিবেরও দায়িত্ব পালন করেছিলেন। একইসঙ্গে ছিলেন লেখক ও সাহিত্যিক। জীবনের সকল কর্ম ছাপিয়ে সংবাদকর্মী না হয়েও তিনি জনপ্রিয় ছিলেন মিডিয়া অঙ্গনে। মিডিয়া জগতে তিনি ইসলামী রাজনীতির মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে আল্লামা আমিনী (রহ.) কেন্দ্রিক নব্বই পরবর্তী প্রতিটি আন্দোলনে তিনি মিডিয়া জগতে বিশেষ ভূমিকা পালন করেছেন। মিডিয়া মহলে কেন তাঁর এই জনপ্রিয়তা, কিভাবে তিনি হয়ে উঠেছিলেন একজন মিডিয়াবান্ধব হিসেবে, এসব জানতে যোগাযোগ করা হয়েছিল তাঁর কয়েকজন সহকর্মী ও মিডিয়া কর্মীদের সঙ্গে।
মাওলানা আহলুল্লাহ ওয়াসেলের প্রিয় ছাত্র ও সহকর্মী আনছারুল হক ইমরান ফাতেহ২৪ কে বলেন, মিডিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক অন্যান্য ইসলামি দলের চেয়ে অনেক বেশি ছিল এবং মিডিয়া কর্মীরা তাকে আপন মনে করতো। যার কারণে বাংলাদেশে যতো ইসলামি আন্দোলন হতো, বড় বড় মিডিয়া প্রতিষ্ঠানের কর্মীরা সর্বাগ্রে তার সঙ্গেই যোগাযোগ করতেন। প্রেস রিলিজ কিংবা সংবাদ তৈরিতে তাঁর মেধা ও কলাকৌশলও ছিল অনন্য। মিডিয়া কর্মীরা তার নিউজে কোনো কাটাছেঁড়া করতেন না। তারা স্বীকার করেছিলেন সংবাদ তৈরির দক্ষতা তাদের চেয়ে তার অনেক বেশি ছিল। যেন তিনি নিজেই সংবাদপত্রে চাকরি করছেন। লেখাও ছিল একেবারে নিখুঁত। তাঁর নিউজ তৈরিতে ছিল আলাদা কারিশমা।
তিনি বলেন, ২০১০ সাল থেকেই আমার তাঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। এর মাঝে আমি তার নিউজ তৈরির এই কারিশমা লক্ষ্য করেছি। যে কাজটি করতে আমাদের আধা ঘণ্টা বা ৪০ মিনিট লাগতো, সে কাজটি তিনি ১০-১৫ মিনিটে তৈরি করে ফেলতেন।
মিডিয়াকর্মী না হয়েও কীভাবে তিনি এ দক্ষতা অর্জন করেছিলেন, এ বিষয়ে আনছারুল হক ইমরান বলেন, বাবরি মসজিদ আন্দোলনের সময় ইনকিলাব থেকে একজন প্রখ্যাত সাংবাদিক আব্দুর রহীম সাহেব লালবাগ এসেছিলেন। তিনি আল্লামা ফজলুল হক আমিনী সাহেব (রহ.) কে বলেছিলেন, প্রতিদিন তো আমাদের এভাবে নিউজ তৈরি করা সম্ভব নয়, আপনি আমাকে কিছু ছেলে দেন তাদের নিউজ তৈরি করা শিখিয়ে দিই। তখন আমিনী সাহেব (রহ.) আহলুল্লাহ ওয়াসেল সাহেবসহ কয়েজনকে আব্দুর রহীম সাহেবের কাছে পাঠিয়ে দেন। এর মধ্যে সবচেয়ে বেশি পারদর্শিতা অর্জন করেন মাওলানা আহলুল্লাহ ওয়াসেল (রহ.)। পরবর্তীতে তারা এ কথা বলতে বাধ্য হয়েছিলেন যে, আহলুল্লাহ ওয়াসেল যে নিউজ করেন, এর একটি লাইনও আমরা কাটতে পারবো না। এতো সুন্দরভাবে নিউজটি তৈরি করা হয় যে, আমরা যেভাবেই দিই পাঠকরা সেভাবেই তা গ্রহণ করন। এই তার পথচলার শুরু। এছাড়াও তাঁর লেখালেখির দক্ষতা ছিল অনেক।
আনছারুল হক ইমরান বলেন, ‘সংবাদ তৈরিতে তার দক্ষতার কারণে মিডিয়ার সঙ্গে তার এমন সম্পর্ক হয়েছিল যে যখনই তিনি কোনো আন্দোলনে মিডিয়াকর্মীদের আমন্ত্রণ জানাতেন তারা চলে আসতেন। তাঁর ইন্তেকালে, আমি মনে করি, ইসলামি রাজনীতির অঙ্গনে বিশেষ করে আমাদের দলে এ সঙ্কট কাটিয়ে উঠতে সময় লাগবে।
যোগাযোগ করা হয়েছিল সিনিয়র আলেম সংবাদকর্মী ও ইসলামি লেখক ফোরামের সভাপতি মাওলানা জহির উদ্দীন বাবরের সঙ্গে। তিনি জানান, মাওলানা আহলুল্লাহ ওয়াসেল বরাবরই মিডিয়া ও সাংবাদিক বান্ধব ছিলেন। আলেমদের মধ্যে এতো সাংবাদিক বান্ধব আর কাউকে দেখিনি। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি মিডিয়ার দায়িত্ব পালন করতেন খুব দক্ষতার সঙ্গে। বিশেষ করে আমিনী সাহেবের যতো আন্দোলন সংগ্রাম হয়েছে সবগুলোর মিডিয়া দায়িত্ব তিনি পালন করেছেন। বিবিসি থেকে শুরু করে যেকোনো মিডিয়া যোগাযোগ করলে তিনি আশানুরূপ সাড়া দিতেন। ইসলামি দলগুলোকে গুরুত্ব দেন এমন সাংবাদিকদের কাছে আহলুল্লাহ ওয়াসেল নামটি খুব পরিচিত ছিল। বিশেষ করে বিবিসি তাদের অনুষ্ঠানগুলোতে ইসলাম বিষয়ে কোনো বক্তব্যের প্রয়োজন হলে কাকে নেওয়া যায় এ পরামর্শটি ওয়াসেল ভাইয়ের সঙ্গে করতো। কাদের কল্লোল, আকবর হোসেন, ওয়ালিউর রহমান মিরাজ সাহেবরা সব সময়ই তার পরামর্শের স্মরণাপন্ন হতেন। তিনি মিডিয়া কর্মীদের সহযোগিতা করতেন ও গুরুত্বও দিতেন। অনেক ইসলামি দল বা ইসলামি নেতাদের সম্পর্কে অভিযোগ রয়েছে যে, ইসলামি দলের নেতারা মিডিয়া থেকে ফোন করলে তেমন রেসপন্স করেন না। যে ক্ষেত্রে তিনি ছিলেন ব্যতিক্রম।
তার এ মিডিয়া বান্ধব হবার কারণ সম্পর্কে জহির উদ্দীন বাবর বলেন, ‘তিনি মিডিয়া বুঝতেন। তিনি লেখক হওয়ার কারণেও হয়তো এ গুরুত্বটি বুঝতে পারতেন। আমার দেশ পত্রিকায় ইসলাম বিভাগের দায়িত্ব পালনের জন্য আমিনী সাহেব তার নামও প্রস্তাব করেছিলেন। কোনো কারণে হয়তো তিনি যাননি। মিডিয়া বুঝার কারণেই মিডিয়ার সঙ্গে তার এ সখ্যতা গড়ে উঠে।’
