
ফাতেহ ডেস্ক: দুর্নীতি মামলার কারাগারে থাকা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দ্রুত ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ বোর্ড গঠন এবং বিশেষায়িত হাসপাতালে ভতি চেয়ে খালেদার পক্ষে করা একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
গত সেপ্টেম্বরে খালেদার চিকিৎসায় সরকারের গঠিত মেডিকেল বোর্ড থেকে তিনি সদস্যকে বাদ দিয়ে নতুন তিনজনকে সেখানে দায়িত্ব দিতে বলেছে আদালত।
আদালতের আদেশ অনুযায়ী, বিএসএমএমইউ’র ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী এবং ফিজিকাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ বোর্ডে থাকবেন। আর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক আবু জাফর চৌধুরী এবং চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক তারেক রেজা আলীর বদলে নতুন তিনজনকে বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করে দেবে সরকার।
তবে এই তিনজনের কেউ সরকার সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচীপ) বা বিএনপি সমর্থক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বর্তমান বা প্রাক্তন সদস্য হতে পারবেন না।
