
ওমর ফারুক
বিবাড়িয়ায় একটি অনুষ্ঠানে কুরআন অবমাননামূলক বক্তব্য দিয়ে গত শনিবার ধর্মপ্রাণ জনতার রোষানলে পড়েছিলেন বাউল শামসুল হক চিশতি। এসময় উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। সেখানে তিনি তার ভুল স্বীকার করে কালিমা পড়ে নতুনভাবে মুসলমান হন। এ ধরণের বক্তব্য দিলে ঈমান চলে যায় এর ভিত্তিতেই তাকে কালিমা পড়ানো হয় বলে জানিয়েছেন বিবাড়িয়ার জামিয়া ইউনুছিয়া মাদরাসার মুহাদ্দিস ও নেতৃস্থানীয় আলেম মাওলানা আব্দুর রহীম কাসেমি।
মাওলানা আব্দুর রহীম জানান, থানার ভেতরেই তাকে কালিমা পড়ান জামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষাসচিব মুফতি শামসুল হক। এসময় জামিয়া ইউনুছিয়ার কয়েকজন শিক্ষক ও একাধিক স্থানীয় আলেমও উপস্থিত ছিলেন। কালিমা পড়ার কারণে ও ভুল স্বীকার করায় তাকে রোববার সকালে ছেড়ে দেয় থানা পুলিশ।
এরআগে শনিবার বাউল শামসুল হক চিশতি এক গানের অনুষ্ঠানে বলেন, ‘যারা বলে মাগো আমি পড়ব না আর ‘হাট্টিমাটিম টিম’, কোরআন থেকে পড়বো আমি ‘আলিফ লাম মীম’, তারা দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী। তাদেরকে কুকুরের মতো ছিঁড়ে ফেলা দরকার’। পবিত্র কুরআনুল কারিমকে অবমাননা করে বাউল চিশতি আরও বলেন, সূরা ফাতেহা শ্রবণ করা এবং আমার গানগুলো শ্রবণ করা সমান কথা। তাঁর এ বক্তব্য শুনে উত্তপ্ত হয়ে পড়ে পরিবেশ।
স্থানীয় একজন সাংবাদিক ফাতেহ২৪ কে জানান, শহরের কাউতলি নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার শেষ অধিবেশনে গান পরিবেশন করছিলেন বাউল শামসুল হক চিশতি। এশার নামাজের বিরতিতে তিনি এ ধরণের বক্তব্য দেন। পরবর্তীতে রাত সাড়ে দশটার দিকে জামিয়া ইউনুছিয়ার শিক্ষার্থীরা তার বিরুদ্ধে বিক্ষোভ ও মিছিল শুরু করে দেন। পুলিশি নিরাপত্তায় তাকে থানায় নিয়ে আসার সময় পুলিশের গাড়িসহ তাকে ধাওয়া করে বিক্ষোভকারীরা। এসময় তার গাড়িও ভাঙচূড় করা হয়। পরবর্তীতে সে বিক্ষোভের মুখে জাতির কাছে ক্ষমা চেয়ে থানা থেকে মুক্তি পায়।
মাওলানা আব্দুর রহীম কাসেমি বলেন, অনুষ্ঠানটি ছিলো জেলা প্রশাসনের উদ্যোগে। ডিসি সাহেবের নির্দেশেই তাকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ভুল স্বীকার করে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়ার দাবি জানান। তিনি বৃদ্ধ ও অসুস্থ ছিলেন।ফলে আমরাও এক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছি।
তবে স্থানীয় সাংবাদিক জানান, তার সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, বাউল চিশতী সুস্থবুদ্ধিসম্পন্ন নন। কয়েকটি গান গেয়েই তিনি বিখ্যাত হয়ে যান। বাউল সঙ্গীত জগতেও তার খুব একটা খ্যাতি নেই। এছাড়া লোকটির ভুল স্বীকারের কারণে এলাকার পরিস্থিতিও এখন অনেকটা স্বাভাবিক রয়েছে।
