রিজালুন সানাউত তারিখ, মিজান হারুনের মুখোমুখি

ফাতেহ ডেস্ক

( সম্প্রতি গবেষক মিজান হারুনের রিজালুন সানাউত তারিখ ফী বানগালাদেশ নামের আরবি বইটি প্রকাশিত হয়েছে। এতে বাংলাদেশের  ধর্মীয় ও সামাজিক ইতিহাস নির্মাণে  ভূমিকা রেখেছেন, এমন একশো আলেমের জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের আলেমদের নিয়ে আরবি ভাষায় এমন কাজ এই প্রথম। এই বইটি নিয়ে তাই চলছে তুমুল আলোচনা ও পর্যালোচনা। তার অংশ হিসেবে ফাতেহ24 এর পক্ষ থেকে লেখকের সাথে যোগাযোগ করা হয়। নানান আঙ্গিক থেকে বইটি নিয়ে আলোচনা করা হয়।) 

ফাতেহ24

বইটি লেখার পেছনে আপনার মূল লক্ষ্য ঠিক কি ছিল?

মিজান হারুন

আলহামদুলিল্লাহ। ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা’দ।বইটি লেখার পেছনে আমার মূল লক্ষ্য ছিল আরবদের সামনে আমাদের উলামায়ে কিরামের ভূমিকা ও দাওয়াতী কার্যক্রম তুলে ধরা। মূলত আরবদের জন্যই বইটি লেখা হয়েছে। আরবের উলামায়ে কিরাম ভারত ও পাকিস্তানের উলামায়ে কিরামের ব্যাপারে বেশ জানাশোনা রাখলেও বাংলাদেশের আলেমদের ব্যাপারে নিতান্তই সামান্য জানেন। সেই শূন্যতা পূরণের লক্ষ্যেই এ বইয়ের রচনা। যাতে করে আরবের সঙ্গে আমাদের বন্ধন মজবুত হয়। কাজের ক্ষেত্রে সুযোগ ও সুবিধা তৈরি হয়।

ফাতেহ24

কোথা থেকে এই লক্ষ্যের প্রণোদনা সৃষ্টি হয় আপনার মধ্যে?

মিজান হারুন

আমার এমন একটি  স্বপ্ন ছিল কৈশোর থেকে। যখন আবুল হাসান আলী নদভী র. এর সঙ্গে পরিচিত হই। তাঁর কার্যক্রমের কথা শুনতে পাই। তাঁর আব্বাজান আব্দুল হাই র. এর নুযহাতুল খাওয়াতির এর কথা জানি। সর্বোপরি প্রাচ্যের উপহার বইয়ে বাংলাদেশী আলেমদেরকে তিনি বারবার বলেন এদেশের উলামায়ে কিরামের দাওয়াত ও অবদানকে আরবে তুলে ধরতে। তখন থেকেই স্বপ্নের বীজ বোনা শুরু। কিন্তু সাধ্য ও সুযোগ কোনোটাই ছিল না তখন। আল্লাহ তাআলা এখন তাওফীক দিয়েছেন তাই করা হয়েছে। মূল প্রণোদনা আমার আধ্যাত্মিক মুরশিদ সাইয়েদ নদভী র. এর কথাগুলো। আজও যেন কানে বাজে প্রতিনিয়ত।

ফাতেহ24

জীবনী-সাহিত্য এক দুরুহ কাজ, বাংলাদেশে এই বিষয়ে যেসব কাজ হয়েছে, তার প্রতি আপনার মূল্যায়ন কি?

মিজান হারুন

দেশের উলামায়ে কিরামের জীবনীর ওপর আরবীতে ইতঃপূর্বে কোনো কাজ হয়নি। যেসব কাজ হয়েছে সেগুলো বাংলাতে। আলেমদের জীবন ও দাওয়াতের ওপর বাংলাতে আলহামদুলিল্লাহ অসংখ্য বই ও গবেষণাপত্র, স্মারকগ্রন্থ ইত্যাদি বের হয়েছে। কিন্তু দুঃখের বিষয় অধিকাংশই গবেষণার মান ধরে রাখতে সক্ষম হয়নি। কারামত ও বিভিন্ন অপ্রয়োজনীয় বিষয় দিয়ে বইয়ের পাতা বাড়ানো হয়েছে। বিশ্লেষণের পরিবর্তে বর্ণনামূলক ধারাকে অগ্রাধিকার দেয়া হয়েছে। ফলে পাঠক জীবনীকে কেবল জীবনী মনে করেই পড়েন, সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আত্মস্থ করা ও নিজের জীবনে কাজে লাগানোর মতো সুযোগ পান না। তবে তরুণ লেখকগণ পরিবর্তন আনছেন। সাম্প্রতিককালে যেসব বাংলা জীবনী বের হয়েছে, সেগুলো যথেষ্ট গবেষণামূলক ও মানসম্পন্ন।

আর আরবীতে বলতে গেলে মাওলানা হিফজুর রহমান সাহেব তাঁর হানাফী বিশ্বকোষে কিছু জীবনী এনেছেন। তাছাড়া বাংলাদেশী আলেমদের ওপর চট্টগ্রামের শাইখ ফোরকান সাহেবও জীবনীর কাজ করছেন। আশা করি সেটাও সুন্দর হবে। আল্লাহ সবগুলো কাজ কবুল করুন।

ফাতেহ24

কাজটা সম্পন্ন করতে অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, কিছু মজার অভিজ্ঞতার কথা শেয়ার করবেন?

মিজান হারুন

প্রায় তিন চার বছর ধরে কাজটি করেছি। অসংখ্য ঘটনা ও দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। এধরনের ভারী কাজে মজার অভিজ্ঞতা সাধারণত কম হয়ে থাকে। কষ্টের ইতিহাসটাই বেশি। তারপরেও নিজের কাছে যেটা ভালো লেগেছে সবচেয়ে বেশি, সেটা হলো অসংখ্য আকাবির আলেমের জীবনী আমার কাছে মস্তিস্কে এখন স্ফটিকস্বচ্ছ হয়ে গেছে। ফলে যেকোনো কাজের সিদ্ধান্ত নিতে হলে পূর্ববর্তী অনেকের অভিজ্ঞতা, দিকনির্দেশনা ও দূরদৃষ্টিকে কাজে লাগাতে পারি। এছাড়া তাদের ইবাদত ও যুহদ থেকে শিখেছি। দীনের প্রতি তাদের ইখলাস দেখেছি। নিজের মানসিকতায় এগুলো যথেষ্ট প্রভাব ফেলেছে।

এই গ্রন্থের প্রত্যেকটা জীবনী লেখার আগে ইমাম বুখারী র. এর মানহাজ অনুসরণের চেষ্টা করেছি। আকাবিরদের ঘটনাগুলো লিখতে গিয়ে অনেক সময় একা একা হেসেছি। আবার অনেক সময় খুব কান্না করেছি। এসব বিষয় আজও হৃদয়ে জীবন্ত। ফরিদপুরী র. এর জীবনী লেখার সময় মনে আছে খুব কেঁদেছিলাম। ঘরওয়ালীকে আসতে দেখে অন্যদিকে চোখ লুকালাম। জিজ্ঞাসা করলেন কী হয়েছে? বললাম হাই তুলেছি তাই চোখে জল। আকাবিরদের জীবনগুলোই এমন মণি-মুক্তোভরা। হিদায়াতের আকর।

ফাতেহ24

এখানে আপনি সবধারার আলেমদের আলোচনা এনেছেন, এটা বিরল, এই সিদ্ধান্তে কীভাবে আসলেন?

মিজান হারুন

প্রথমেই বলেছি এ গ্রন্থটি আরবদেরকে প্রধান টার্গেট করে লেখা হয়েছিল। সে হিসেবে বিশেষ কোনো ধারার ভেতরে সীমাবদ্ধ থাকা মুনাসিব মনে হয়নি। কারণ তাতে মনে করি ইলমী আমানত আদায় হতো না। দ্বিতীয়ত, ছোটবেলা থেকেই আমি উলামায়ে কিরামের প্রতি একটা টান অনুভব করতাম। এক্ষেত্রে প্রধান বিবেচ্য ছিল তাঁদের ইলম ও খেদমত। এগুলোর চেয়ে কোনো পরিচয় আমার কাছে কখনোই বড় ছিল না। কোনো গোষ্ঠীর চশমা দিয়ে আমি আলেমদের বিবেচনা করতে পছন্দ করি না। সৌদিতে আসার পরে এবিষয়টির কার্যকারিতা ও উপযোগিতা আরও বেশি অনুভব করি। আমি জানি এ সিদ্ধান্ত কিন্তু সহজ নয়; বিশেষ করে আমাদের প্রেক্ষাপটে। তবে এমন কিছু সাহসী সিদ্ধান্তে বরফ গলা শুরু হোক সেটাই প্রত্যাশা।

ফাতেহ24

শুরু করার পূর্বে যে লক্ষ্য ছিল, সেটা কতদূর পূরণ করতে পেরেছেন?

মিজান হারুন

শুরুর আগে তো লক্ষ্য ছিল আরবে বইটি ছাপানো ও প্রচার করা। কিন্তু সেটা হয়নি। আরবের বিভিন্ন প্রকাশনীতে যোগযোগ করেছি, এখানেও তৈরি হয়েছে অনেক তিক্ত অভিজ্ঞতা। সেগুলো অন্য কোথাও বলা যাবে। আরবের রাজনৈতিক অস্থিরতা, লেখকের বয়স ও একাডেমিক স্তর সবকিছুই প্রতিবন্ধক ছিল এক্ষেত্রে। শেষে বাধ্য হয়ে বাংলাদেশ থেকে বইটি ছাপানো হয়। সুতরাং আরবে যতদিন পর্যন্ত এটার প্রচার না হবে, ততদিন পর্যন্ত লক্ষ্য খুব বেশি পূরণ হয়েছে বলা যাবে না।

ফাতেহ24

ইতিহাস ও জীবনী-সাহিত্যের কোন কোন দিকে বেশী মনোযোগ দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন?

মিজান হারুন

সবক্ষেত্রেই কাজ হওয়া প্রয়োজন। তবে আমি মনে করি আকাবিরদের দূরদৃষ্টি থেকে উপকৃত হওয়া ও তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়াটা বেশি জরুরি। এগুলো নিয়ে গবেষণা বেশি প্রয়োজন। কেবল বর্ণনামূলক পদ্ধতিতে ইতিহাস ও জীবনী বয়ান করলে সেটা কাঙ্খিত ফল দেয় না, দিতে পারে না। তাই বিশ্লেষণমূলক গবেষণা হওয়া বেশি প্রয়োজন। উদাহরণত আমি আমার বইয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী এনেছি। এমন অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি যেগুলো সচরাচর আলোচনা করা হয় না। উনার মনোভাব বোঝার চেষ্টা করেছি। মাওলানা আব্দুর রহীমের সঙ্গে জামায়াতের সম্পর্কচ্ছেদ, ড. মোহর আলীর এদেশে তেমন পরিচিতি না পাওয়া এগুলো নিয়ে কথা বলেছি।

এগুলোতে সবাই আমার সঙ্গে একমত হবেন এমন নয়; তবে অনেক বিষয় আলোচনাতে আসবে। যেগুলোতে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। চাইলে আমি এসব এড়িয়ে যেতে পারতাম, কিন্তু তাতে গ্রন্থটির সৌন্দর্য নষ্ট হতো।

ফাতেহ24

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রকল্প বিষয়ে কিছু শেয়ার করা যাবে?

মিজান হারুন

স্বপ্ন তো অনেক আছে। পূরণ করার মালিক আল্লাহ তাআলা। লেখা-পড়া শেষ হলে দেশে ফিরে যাবো ইনশাআল্লাহ। কারণ প্রত্যেক নবী-রাসূল তাঁর কওমের ভেতরেই কাজ করেছেন। মাদরাসা, মসজিদ, লেখালেখি ইত্যাদি নিয়েই থাকার স্বপ্ন। এগুলোর বাইরে দুনিয়াটা চাকচিক্যময় হলেও অন্তসারশূন্য মনে করি।

ব্যক্তিগত জীবনে দু’টি ইচ্ছা রাখি। একটি হলো মৃত্যুর আগ পর্যন্ত আরবীতেই অধিকাংশ কাজ করে যাবো ইনশআল্লাহ। বাংলার চেয়ে আমার আরবী লিখতে ও পড়তে ভালো লাগে। এটার দ্বারা মাতৃভাষার প্রতি বীতশ্রদ্ধা প্রকাশ করা উদ্দেশ্য নয়। আরবীর প্রতি ভালোবাসা প্রকাশ করা উদ্দেশ্য।

আর দ্বিতীয়টা হলো নাদওয়াতুল উলামার মতো বাংলাদেশে একটি আরবী প্রতিষ্ঠান ও সর্বোপরি একটি আরবী প্রজন্ম তৈরি করে যাওয়া। যারা আরবীতে বলবে, আরবীতে লিখবে। পুরো পৃথিবী যাদের আরবী পড়বে, ঈর্ষা করবে। স্বয়ং আরবেও বর্তমানে আরবি সাহিত্য চর্চার মান ভালো নয়। সুতরাং অদম্য ইচ্ছাশক্তি থাকলে এমন কিছু করা অসম্ভব নয়। আল্লাহ তাআলা যেন স্বপন্গুলো পুরণ করেন। দুআ চাই সবার কাছে।

ফাতেহ24

অনেক সময় দিলেন। কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

মিজান হারুন

আপনাকেও ধন্যবাদ।

আগের সংবাদকওমী মাদ্রাসা বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর, আইনে পরিণত হলো দাওরায়ে হাদীস মাস্টার্স সমমান বিল
পরবর্তি সংবাদআ.লীগের সংকট মনোনয়ন প্রত্যাশীর বাড়তি চাপ