
ফাতেহ২৪ ইসলাম
গোটা দুনিয়ার জীবনটায় মোমিনদের জন্য পরীক্ষাগার। এখানে পদে পদে আল্লাহ মোমিনদের পরীক্ষা নিয়ে থাকেন। এ পরীক্ষার মাধ্যমে আল্লাহ প্রমাণ করতে চান একজন মোমিন তার ঈমানের দাবিতে কতটুকু সত্যবাদী বা মিথ্যাবাদী। ঈমানদার বলে দাবিদার ব্যক্তিটি বিপদের মধ্যে আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের সঙ্গে তার পথে টিকে থাকবে না ছিটকে পড়বে, এটাই আল্লাহ দেখতে চান।
এ সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ এরশাদ করেন, ‘মানুষ কি মনে করে যে, আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে, অথচ তাদের পরীক্ষা করা হবে না? বরং অবশ্যই তাদের পরীক্ষা করব, যেভাবে আমি তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছিলাম। ফলে অবশ্যই আল্লাহ জেনে নেবেন, কারা তাদের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী।’ (সূরা আনকাবুত : ২-৩)।
আল্লাহ মোমিনদের পরীক্ষা নিয়ে থাকেন বিভিন্নভাবে। কখনও বিপদাপদ দিয়ে, কখনও জালেমের অত্যাচারের মাধ্যমে, কখনও সম্পদের হানি করে, কখনও রোগ-শোকের মাধ্যমে, কখনও অভাব দিয়ে, কখনওবা অধিক সম্পদ দিয়ে পরীক্ষা নিয়ে থাকেন। যেমন আল্লাহ বলেন, ‘আমি তোমাদের কিছু ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফলফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। (হে নবী) এ অবস্থায় যারা সবর করে, তাদের সুসংবাদ দিন।’ (সূরা বাকারা : ১৫৫)।
আল্লাহ মোমিন বান্দার যত ধরনের পরীক্ষা নিয়ে থাকেন তার মধ্যে অন্যতম হলো বিপদাপদ দিয়ে। এজন্য বিপদে পড়লে মোমিনদের সতর্কতার সঙ্গে ধৈর্যধারণ করে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে পরিস্থিতি মোকাবিলা করা উচিত। আর এটা যারা করতে পারে তাদের জন্যই আল্লাহ বলছেন, এ অবস্থায় যারা সবর করে, তাদের সুসংবাদ দাও। এ অবস্থায় আল্লাহর প্রশংসাসহ তাঁর ইবাদতে আরও বেশি মনোযোগী হতে হবে এবং তার সেজদানবত হতে হবে। এ সম্পর্কে আল্লাহ এরশাদ করছেন, ‘(হে নবী,) আমি জানি, তারা (ইসলামবিদ্বেষীরা) যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়। এর প্রতিকার এই যে, তুমি তোমার রবের প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা বর্ণনা করতে থাকো এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হও।’ (সূরা হিজর : ৯৭-৯৯)।
মুসিবত পুণ্যবান হওয়ার আলামত। মুসিবত নিজেকে সংশোধনের মাধ্যমে নতুন করে আবার তৈরি করার সুযোগ করে দেয়; তাই বিপদে পড়লে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে তাঁর ইবাদত চালিয়ে যাওয়া এবং তাঁর ওপর সন্তুষ্টি প্রকাশ করা। কেননা বিপদ যেমন আল্লাহর পক্ষ থেকে আসে, তেমনি তিনিই এ বিপদ থেকে মানুষকে উদ্ধার করেন। বিপদের সময় আল্লাহর কাছে সাহায্যের জন্য কিছু দোয়াও পাঠ করা যেতে পারে। যেমনÑ মহানবী (সা.) কোনো বিপদের সম্মুখীন হলে প্রায়ই কিছু দোয়া পাঠ করতেন এবং সেই দোয়াগুলো উম্মতেরও পাঠ করতে বলেছেন।
দোয়াগুলো হলোÑ
১. সাদ ইবনে আবি ওক্কাস (রা.) বলেন, নবীজি (সা.) দুঃখ-কষ্টের সময় বলতেনÑ ‘লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জলিমিন।’ অর্থÑ ‘একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তোমার পবিত্রতা বর্ণনা করছি। নিশ্চয়ই আমি সীমালঙ্ঘনকারী।’ (সূরা আম্বিয়া : ৮৭)। (তিরমিজি : ৩৫০০)।
২. আসমা বিনতে ওমাইর (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেন, ‘আমি কি তোমাদের এমন কিছু দোয়া শিখিয়ে দেব না, যা দুশ্চিন্তা ও পেরেশানি হলে পাঠ করবে?’ তারা বললেন, অবশ্যই। নবীজি বললেন, ‘দোয়াটি হচ্ছেÑ ‘আল্লাহু রব্বি লা উশরিকুকু বিহি শাইয়ান।’ অর্থÑ ‘আল্লাহই আল্লাহ আমার প্রতিপালক। আমি তার সঙ্গে কোনো কিছু শরিক করি না।’ (আবু দাউদ : ১৫২৫)।
৩. আনাস (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেন, ‘আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হুযনা সাহলান ইযা শিতা।’ অর্থÑ ‘হে আল্লাহ, তুমি সহজ না করলে কোনো বিষয়ই সহজ নয়। যখন তুমি চাও মুশকিলকে সহজ করে দাও।’ (ইবনে হিব্বান : ৯৭৪)।
৪. ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বিপদের সময় এই দোয়াটি পাঠ করতেন, ‘লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল হাকিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি-ওয়া রাব্বুল আরশিল কারিম।’ অর্থÑ ‘আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি মহান আরশের প্রভু। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি আকাশম-লী, জমিন ও মহাসম্মানিত আরশের প্রভু।’ (বোখারি : ৫৯৮৬; মুসলিম ৭০৯৭)।
বিপদে পড়লে করণীয়
১. যে-কোনো পরিস্থিতি মেনে নেওয়ার মানসিকতা থাকা : একজন মোমিন ভালো কিংবা খারাপ সবকিছুকেই হাসি-খুশিতে মেনে নেয় ঠিক একজন পথিকের মতো। পথিক কখনও তার ভ্রমণকে কষ্টকর মনে করে না। সে মনে করে যে, সে খুব অল্প সময় এখানে অবস্থান করবে; তাই সবকিছু মেনে নেয়।
২. তকদিরের ওপর পূর্ণ ঈমান রাখা : একজন মোমিন তকদিরকে পুরোপুরি মেনে নেয় এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখে। হাদিসে বলা হয়েছে, সব মানুষ জড়ো হয়ে যদি তোমার উপকার করতে চায়, কোনো উপকার করতে পারবে না, তবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। আবার তারা সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, কোনো ক্ষতিও করতে পারবে না, তবে যতটুকু আল্লাহ তোমার কপালে লিখে রেখেছেন।
৩. বিপদের সময় রাসুল (সা.) এবং পূর্বসূরিদের জীবনচরিত পর্যালোচনা করা : বিপদের সময় রাসুলুল্লাহ (সা.) এবং তাঁর সাথিরা কীভাবে তাঁর মোকাবিলা করেছেন, তা পর্যালোচনা করা, কেননা তাদের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ।
৪. আল্লাহর রহমতের প্রশস্ততা ও করুণার ব্যাপকতার স্মরণ : হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তায়ালা বলেন, ‘আমার ব্যাপারে আমার বান্দার ধারণা যেমন আমি তার সঙ্গে তেমন আচরণ করি।’ মুসিবত দৃশ্যত অসহ্য-কষ্টদায়ক হলেও পশ্চাতে কল্যাণ বয়ে আনতে পারে। তাই বান্দার কর্তব্য আল্লাহর সুপ্রশস্ত রহমতের ওপর আস্থাবান থাকা।
৫. বিপদের সময় অধিকতর বিপদগ্রস্ত ব্যক্তিদের দিকে নজর দেওয়া : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ধৈর্য অসম্ভব বা অসাধ্য কিছু নয়, যে ধৈর্যধারণ করে আল্লাহ তাকে ধৈর্যধারণের ক্ষমতা দান করেন।’ বিকলাঙ্গ বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি তার চেয়ে কঠিন বিপদগ্রস্তকে দেখবে। একজনের বিরহ বেদনায় ব্যথিত ব্যক্তি, দুই বা ততোধিক বিরহে ব্যথিত ব্যক্তিকে দেখবে। এক সন্তানহারা ব্যক্তি, অধিক সন্তানহারা ব্যক্তিকে দেখবে। সব সন্তানহারা ব্যক্তি, পরিবারহারা ব্যক্তিকে দেখবে, তাহলে এর মধ্যে সান্ত¡না খুঁজে পাবে।
৬. মনে করতে হবে মুসিবত পুণ্যবান হওয়ার আলামত : একবার সাদ বিন আবু ওয়াক্কাস (রা.) রাসুলুল্লাহ (সা.) কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল, দুনিয়ায় সবচেয়ে বেশি বিপদগ্রস্ত কে? উত্তরে তিনি বলেন, ‘নবীরা, অতঃপর যারা তাদের সঙ্গে কাজকর্ম-বিশ্বাসে সামঞ্জস্য রাখে, অতঃপর যারা তাদের অনুসারীদের সঙ্গে সামঞ্জস্য রাখে। মনে রাখবে মানুষকে তার দ্বীন অনুযায়ী পরীক্ষা করা হয়। দ্বীনি অবস্থান পাকাপোক্ত হলে পরীক্ষাও কঠিন হয় আর দ্বীনি অবস্থান দুর্বল হলে পরীক্ষাও শিথিল হয়। মুসিবত মোমিন ব্যক্তিকে পাপশূন্য করে দেয়, এক সময় দুনিয়ায় সে নিষ্পাপ হয়ে বিচরণ করতে থাকে।’
এভাবেই একজন মোমিন তার গোটা জিন্দেগি পরিচালনা করে, সব দুঃখ-কষ্ট আনন্দচিত্তে গ্রহণ করে নেয়; তবু আল্লাহর পথ থেকে এক বিন্দু পরিমাণ টলে না, দুঃখ-কষ্টের কাছে হার মানে না।
আল্লাহ আমাদের সব বিপদাপদে ধৈর্যধারণ করে তাঁর ওপর পূর্ণ আস্থা রেখে তাঁর পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।
