
ফাতেহ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম বাড়লেও দেশে সর্বত্র দুর্নীতি কমেনি। সরকারি সেবাখাতে বেড়েছে ঘুষের রেট। দুর্নীতির বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন না হওয়ায় পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ। তবে দুদক বলছে মামলায় সাজার হার বাড়াসহ বিভিন্ন অর্জন রয়েছে তাদের।
ঘুষ নেয়ার সময় ১২ এপ্রিল হাতে নাতে ধরা পড়েন নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলি নাজমুল হক। ২০১৮ সালে এরকম ফাঁদ পেতে ধরা হয় প্রায় ৩০জন কর্মকর্তাকে। আর সব মিলিয়ে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৫৬জন।
বর্তমানে প্রায় তিনশ কর্মকর্তা খতিয়ে দেখছে আড়াই হাজারের বেশি মামলা। আর গত তিন বছরে মামলা হয়েছে ১ হাজারের বেশি। সারা দেশে ৯৮টি কোর্টে এসব মামলার বিচার হচ্ছে।
এতো কিছু সত্ত্বেও ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ-টিআইবি বলছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেয়ায় থেমে নেই দুর্নীতি। সরকারি অফিসে দেদারসে চলছে ঘুষ লেনদেন ও অনিয়ম-দুর্নীতি।
দুর্নীতি প্রতিরোধ ও দমনে কোন ধরণের ছাড় দিতে রাজি নয় বলে জানায় দুদক। অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক, ব্যক্তিগত বা সামাজিক অবস্থা কোনভাবেই প্রভাবিত করতে পারে না কমিশনকে।
দুর্নীতি কমিয়ে দেশের ক্রমবর্ধমান অর্থনীতির ভিত আরও মজবুত করা হবে বলে আশা দুদকের।
