
ফাতেহ ডেস্ক: জাতীয় ঐক্য ফ্রন্টের নামে নতুন রাজনৈতিক জোটের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, মুখে নীতির কথা বলে খুনি, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের সঙ্গে ঐক্য করেছেন ড. কামাল হোসেন। মাদারীপুরের শিবচরে বিকেলে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।
শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকায় আওয়ামী লীগের জনসভা। নেতাকর্মী ও সমর্থকদের করতালির মধ্যে মঞ্চে ওঠেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন সব জনপদের-সব মানুষের সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার। দেশের একটি গোষ্ঠী এই উন্নয়ন কখনো দেখতে পায় না। এ সময় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নতুন রাজনৈতিক জোটের তীব্র সমালোচনা করেন তিনি।
কামাল হোসেনের গ্রহনযোগ্যতা ও রাজনীতিতি নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা।
বিডিআর হত্যাকাণ্ডে বিএনপি-জামায়ত জোট জড়িত বলেও আবারো দাবি করেন আওয়ামী লীগ সভাপতি। ঘটনার দিন হঠাৎ করে খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছেড়ে চলে যাওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, নৌকা বিজয়ী হলে দক্ষিণাঞ্চলের পাশাপাশি সারাদেশে উন্নয়ন অব্যাহত থাকবে।
