
ফাতেহ ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনের তেতাল্লিশসহ ৯টি ধারা সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ব্যাহত করবে উল্লেখ করে সংসদের আগামী অধিবেশনেই তা সংশোধনের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে সম্পাদক পরিষদের মানববন্ধন। এতে অংশ নেন দেশের জাতীয় দৈনিকের সম্পাদকেরা। এ সময় আবারও জানানো হয় ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত নয়টি ধারা সংশোধনের আহ্বান।
মানববন্ধনে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহ্ফুজ আনাম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের তেতাল্লিশসহ ৯টি ধারা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ব্যাহত করবে। এসব ধারা সংসদের আগামী অধিবেশনেই সংশোধনের দাবি তার।
এছাড়া পেশাজীবীদের পরোয়ানা ও আইনি প্রক্রিয়া ছাড়া গ্রেপ্তার না করার দাবিও জানায় সম্পাদক পরিষদ। পাশাপাশি, গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে প্রাথমিক তদন্তের দায়িত্ব প্রেস কাউন্সিলকে দেয়ার তাগিদও দেন মাহ্ফুজ আনাম।
তথ্য অধিকার আইনে নাগরিক ও সংবাদ-মাধ্যমের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করেছে যেসব ধারা, সেগুলোর সুরক্ষা নিশ্চিতের আহ্বানও জানিয়েছে সম্পাদক পরিষদ।
