
ফাতেহ ডেস্ক: সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ মামলায় সৌদি আরবের ওপর আন্তর্জাতিক চাপ বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্র ও তুরস্কের পর এবার ওই ঘটনার নির্ভরযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। ঘটনায় জড়িতদের খুঁজে বের করে রিয়াদকে জবাবদিহি করার দাবিও জানিয়েছে দেশগুলো।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলছেন, খাশোগির যা কিছু ঘটেছে তার সম্পূর্ণ দায় সৌদি আরবের। এর আগে, খাশোগি নিখোঁজের ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
অবশ্য, সব অভিযোগ অস্বীকার করে কোনো চাপের কাছে নতি স্বীকার না করার কথা জানিয়েছে সৌদি আরব। এদিকে, খাশোগির অ্যাপল ঘড়িতে তাকে সৌদি কনস্যুলেটের ভেতরে হত্যার প্রমাণ রয়েছে বলে তুর্কি কর্মকর্তারা যে দাবি করেছিলেন তা অসত্য বলে জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
