
ফাতেহ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ঘোষণা ২৯ অক্টোবর। খালেদা জিয়ার আইনজীবীদের এক সপ্তাহের সময় আবেদন খারিজ করে এ তারিখ দেন বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান। অপরাধ প্রমাণ হলে এ মামলায় খালেদা জিয়ার সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে। এ মামলায় রায়ের দিন পর্যন্ত খালেদা জিয়া জামিনে থাকবেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলার আইনি বাধা কেটে যায় গত রোববার। কারাগারের ভেতরের আদালতে বিচারের বৈধতা নিয়ে বিএনপি চেয়ারপারসনের আইনজীবীদের করা একটি আবেদন সেদিন খারিজ করে হাইকোর্ট।
কারাগারের বিশেষ জজ আদালতে মঙ্গলবারের শুনানিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত জানান খালেদা জিয়ার আইনজীবীরা। এজন্য এক সপ্তাহ সময়ের আবেদন জানান তারা। তবে আদালত এ আবেদন খারিজ করে রায়ের তারিখ দেন।
খালেদা জিয়ার আইনজীবীদের দাবি, তাদের আবেদন বিবেচনায় না নিয়ে বেআইনিভাবে রায়ের তারিখ দিয়েছে আদালত।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১০ সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এ মামলার অন্য আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম।
