
ফাতেহ ডেস্ক : আগামী ৮ নভেম্বর তফসিল ঘোষণার প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপের দিকেও নজর রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
সোমবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
ইসি সচিব বলেন, তারা (ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল) সংলাপের বিষয়টি জানিয়েছে। কমিশন বলেছে, আগামী বৃহ্স্পতিবার ৮ নভেম্বর কমিশনের সভা আছে। ওই সভায় ৭ নভেম্বরের সংলাপের বিষয়টি প্রতিফলিত হবে। তবে তফসিল পেছানো হবে কিনা, সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তিনি বলেন, ডিসেম্বরেই নির্বাচনের প্রস্তুতি রয়েছে। এছাড়া সেনাবাহিনীর বিষয়ে আলোচনা হয়েছে। তফসিল ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
শহরাঞ্চলে সীমিত আকারে ইভিএম ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলেও জানান সচিব।
এর আগে, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন ও ইভিএম ব্যবহার না করার দাবি জানান জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এছাড়া নির্বাচনের সময় পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা।
জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের নেতৃত্বে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বরকতুল্লাহ বুলুসহ ১০ সদস্য।
অন্যদিকে সিইসি কেএম নূরুল হুদা সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।
