আবারও কারাগারে খালেদা জিয়া

ফাতেহ ডেস্ক : খালেদা জিয়াকে জোর করে বঙ্গবন্ধু মেডিকেল থেকে কারাগারে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। অভিযোগ প্রত্যাখ্যান করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতাল থেকে নিয়ে বিএনপি চেয়ারপারসনকে নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির করা হয়।

হাইকোর্টের নির্দেশে ৬ অক্টোবর বিএনপি চেয়ারপারসনকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

প্রায় এক মাস পর সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় কারাগারের বিশেষ আদালতে নেয়া হয় খালেদা জিয়াকে। খালেদা জিয়ার উপস্থিতিতে দুপুর ১২টায় শুরু হয় নাইকো দুর্নীতি মামলার চার্জ গঠনের শুনানি।

জেলগেট থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জোর করে ছাড়পত্র দিয়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা অভিযোগ করেন, আদালতকে অবহিত না করেই খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। পরে, এ বিষয়ে লিখিত আবেদন দিলে গ্রহণ করেনি হাইকোর্ট।

এসব অভিযোগ অসত্য বলে জানালেন বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক। তিনি বলেন, বয়সের কারণে খালেদা জিয়ার কিছু শারীরিক সমস্যা রয়েছে, যা ভাল হবার নয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি আছেন খালেদা জিয়া।

আগের সংবাদহাসপাতাল থেকে কারাগারের আদালতে খালেদা
পরবর্তি সংবাদআদালতে জাবালে নূর বাসের চালকের স্বীকারোক্তি