দুইদিনে মনোনয়ন বিক্রি ৩২০০, প্রতি আসনে ১০ জন প্রত্যাশী

ফাতেহ ডেস্ক:

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ হাজার ২০০ মনোনয়নপত্র বিতরণ করেছে আওয়ামী লীগ। আর জমা পড়েছে ৪৬০টি। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

সূত্রে জানা যায়, মনোনয়নপত্র বিতরণের প্রথমদিন ১ হাজার ৩২৮টি বিতরণ হয়েছিল। দ্বিতীয় দিন শনিবার বিতরণ হয়েছে ১ হাজার ৮৭২টি। অর্থাৎ দুইদিনে ৩ হাজার ২০০ মনোনয়নপত্র বিতরণ করেছে আওয়ামী লীগ। সেই হিসাবে, প্রতি আসনে প্রায় ১০ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র বাবদ সম্ভাব্য প্রার্থীদের পরিশোধ করতে হয়েছে ৩০ হাজার টাকা। সে হিসাবে, ৩ হাজার ২০০টি মনোনয়নপত্র বিক্রি থেকে আওয়ামী লীগের আয় হয়েছে ৯ কোটি ৬০ লাখ টাকা।

তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (৯ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়।

লীগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ২ হাজার ৬০৮ জন আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

আগের সংবাদ‘অ্যাপ কোম্পানির গ্রাহকের ডাটা অন্যত্র ব্যবহার আমানতের খেয়ানত’
পরবর্তি সংবাদ‘ইইউর পর্যবেক্ষক না পাঠানো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে’