ড. কামাল নির্বাচন করবেন না

ফাতেহ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে শীর্ষ নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি।

৫ বছর আগে যে বিএনপি নির্বাচন বয়কট করেছিল, সেই বিএনপি আজ কার্যত তার ওপর ভর করেই নির্বাচনে যাচ্ছে।

অথচ তিনিই নির্বাচনে অংশ নিচ্ছেন না। নির্বাচনী আয়োজনে অনুঘটকের কাজ করলেও নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

নির্বাচন প্রসঙ্গে মোবাইল ফোনে কথা হয় জাতীয় এই নেতার সঙ্গে। শারীরিক অসুস্থতার কারণে বাসায়ই থাকছেন গেল কয়েক দিন ধরে। তবে আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান তিনি। ঐক্যফ্রন্টের নেতারা ড. কামালের বেইলি রোডের বাসায় গিয়েই বৈঠকে মিলিত হচ্ছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না জানিয়ে ড. কামাল বলেন, আমার নির্বাচনে অংশ নেয়া বড় কথা নয়। দেশে ভারসাম্যের নীতি প্রতিষ্ঠা পাক। আমরা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলে আসছি।

নির্বাচনে কে হারলো, কে জিতলো সেটা বড় কথা নয়, দেশের মালিক জনগণ, তারা যেন নিজেদের পছন্দমতো ভোট দিতে পারে সেটাই বড় কথা।

কী কারণে নির্বাচনে অংশ নিচ্ছেন না তা উল্লেখ না করলেও, বয়স এবং শারীরিক অসুস্থতার বিষয়েই ইঙ্গিত দেন ড. কামাল। যদিও আগেই নির্বাচনে অংশ না নেয়ার ব্যাপারে জানিয়েছিলেন তিনি।

জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যাপকভিত্তিক যে বিরোধী রাজনৈতিক জোট গঠন হয়েছে, তার শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তিনি এটিকে রাজনৈতিক জোট উল্লেখ না করে বলেছিলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যেই একজোট হয়েছেন।

যদিও জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বেই বিএনপিসহ ২০ দলীয় জোটও নির্বাচনে অংশ নিচ্ছে। জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ায় রাজনীতির চিত্রও বদলে গেছে।

আগের সংবাদনীল রঙের অন্ধকার ।। একজন পর্ন-অ্যাডিক্টের সমাত্মজীবন
পরবর্তি সংবাদনির্বাচনকালীন সরকার তফসিল ঘোষণার পর থেকেই শুরু