
ফাতেহ ডেস্ক: আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দলীর প্রার্থী এবং এক সপ্তাহের মধ্যে জোটের আসন বন্টন চূড়ান্ত হবে।
আজ সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন একথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পরাজয়ের ঝুঁকি থাকবে এমন কোন প্রার্থীকে মনোনয়ন দেবে না মহাজোট। পুলিশের গাড়ি পোড়ানোসহ নৈরাজ্য সৃষ্টিকারীরা শাস্তি পাবে বলেও জানান, তিনি।
গত কয়েকদিনের রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি কয়েকটি জরিপে আওয়ামী লীগ জনপ্রিয়তার তুঙ্গে।
এবার রেকর্ড সংখ্যক মনোনয়নপত্র বিক্রি হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রতিপক্ষকে দুর্বল ভাবছে না আওয়ামী লীগ। তাই প্রার্থী বাছাই থাকবে সর্বোচ্চ সতর্কতা।
বিএনপি কার্যালয়ের সামনে নাশকতাকারীদের শাস্তি না পাওয়ার কোন কারণ নেই বলেও মনে করেন, ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচন সামনে রেখে এ ধরণের সহিংসতা প্রমাণ করেছে, বিএনপি অতীতের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে কোন শিক্ষা নেয়নি।
