লবিস্ট দিয়ে ভোট নিয়ে সংশয় সৃষ্টি করছে বিএনপি : সেতুমন্ত্রী

ফাতেহ ডেস্ক: জাতীয় নির্বাচন নিয়ে সংশয় বাড়াতে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে বিএনপি। এ অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম মন্তব্য করেছেন, পরাজয়ের ভয়ে বিজয়ের মাসে নির্বাচন চায় না বিএনপি। সেজন্য পেছানোর নানা অজুহাত খুঁজছে তারা। রাজধানীতে দুটি আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা।

সকালে রাজধানীতে একটি উন্নয়ন বিষয়ক সেমিনারে গিয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। উঠে আসে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সামনে সহিংসতার প্রসঙ্গ। তিনি মন্তব্য করেন, বিএনপির এ সহিংস আচরণই ইঙ্গিত দেয় নির্বাচনে তাদের ভূমিকা কী হবে।

ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে সাম্প্রদায়িক অপশক্তির জোট বলেও আখ্যা দেন তিনি।

সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ে বসে ১৪ দলের বৈঠক। সভা শেষে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ডিসেম্বর বিজয়ের মাস বলে এ মাস নিয়ে বিএনপি আতঙ্কিত থাকে।

এসময় তিনি ঘোষণা দেন, ১৬ই ডিসেম্বর থেকে সব জেলা ও উপজেলায় বিজয় মঞ্চ করবে ১৪ দল। এখান থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গৌরবগাঁথা তুলে ধরার পাশাপাশি নির্বাচনি প্রচারণাও চালানো হবে।

আগের সংবাদকোনোভাবেই নির্বাচন বয়কট করবে না ঐক্যফ্রন্ট : কামাল
পরবর্তি সংবাদইসলামী আন্দোলন ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল