
ফাতেহ ডেস্ক: কক্সবাজারে দুইটি পৃথক ঘটনায় র্যাবের সঙ্গে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, তারা মাদক ব্যবসায়ী। নিহতরা হলেন ময়নমনসিংহের আশিক জাহাঙ্গীর কুদরত, নারায়ণগঞ্জের আরিফ হোসেন ও তালিকাভুক্ত জলদস্যু দিদারুল ইসলাম।
কক্সবাজার র্যাব-৭ এর কর্মকর্তা মেহেদী হাসান জানান, টেকনাফের কেরানতলীতে সোমবার রাতে নাফ নদীর তীরে ইয়াবা পাচারকারীদের সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটে। এসময় দুই ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।
এদিকে রাতে কুতুবদিয়া দ্বীপে র্যাবের সঙ্গে গোলাগুলিতে কুখ্যাত জলদস্যু দিদারুল ইসলাম নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাব-৭। দিদারুল প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আসামি বলে জানিয়েছে র্যাব।
