
ফাতেহ ডেস্ক: এক সপ্তাহের মধ্যে নির্বাচনী ইশতেহার দেবে জাতীয় ঐক্যফ্রন্ট।
আজ বৃহস্পতিবার সকালে এক বৈঠক শেষে এ কথা জানান ঐক্যফ্রন্ট নেতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এদিকে ইশতেহারে এলডিপির ১২ দফা সংযোজনের দাবি জানিয়েছেন দলের চেয়ারম্যান অলি আহমেদ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারের খসড়া তৈরির জন্য বৃহস্পতিবার সকালে ধানমণ্ডির গণস্বাস্থ্য হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর কার্যালয়ে বৈঠক করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ রূপকল্প সামনে রেখে তৈরি হচ্ছে এই ইশতেহার।
ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, ন্যায়বিচার ও সুশাসনসহ ১১টি লক্ষ্য থাকবে ইশতিহারে। খসড়া তৈরি হলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে তা চূড়ান্ত হবে।
এদিকে নির্বাচনি ইশতেহারে প্রতিহিংসার রাজনীতি বন্ধসহ ১২ দফা যুক্ত করার আহ্বান জানিয়েছে এলডিপি। সকালে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলের চেয়ারম্যান অলি আহমেদ।
