
ফাতেহ ডেস্ক: একাদশ সংসদ নির্বাচনে তরুণ ভোটার তিন কোটিরও বেশি। তাদের সমর্থন পেতে এবার অন্তত ১৫ আসনে নবীন প্রার্থী দিচ্ছে আওয়ামী লীগ। দলের নীতি নির্ধারকেরা নিশ্চিত করেছেন এ তথ্য।
আর এসব আসনে প্রার্থী বাছাইয়ে যোগ্যতা-জনপ্রিয়তার পাশাপাশি বিবেচনা করা হচ্ছে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিও।
শিগগিরই একাদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছে আওয়ামী লীগ। এরই মধ্যে জোট শরিকদের ৬৫ থেকে ৭০ আসন ছেড়ে দেয়ার কথা জানিয়েছেন দলটির নীতি নির্ধারকেরা। এতে ২৩০ থেকে ৩৫ আসনে ভোটে লড়ছেন নৌকার প্রার্থীরা।
এবারের ভোটে চার হাজার ২৩ মনোনয়নপ্রত্যাশী তুলেছেন আওয়ামী লীগের মনোনয়নপত্র। তাদের ৩৩ ভাগই বয়সে তরুণ, ভোটে আসতে চাইছেন প্রথমবারের মতো।
তরুণ মনোনয়ন প্রত্যাশীদের বড় অংশই আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে, তরুণ প্রার্থীর বিকল্প নেই বলেও মত তাদের।
আওয়ামী লীগ নেতারাও জানাচ্ছেন, এবার অন্তত ১৫ আসনে দেখা যাবে নতুন মুখ। প্রাধান্য পাচ্ছেন ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ সহযোগী সংগঠনের নেতারা।
৩০ ডিসেম্বরের ভোটে তরুণ প্রার্থীদের একটি বড় অংশের জয়ের আশাও করছে আওয়ামী লীগ।
