
ফাতেহ ডেস্ক: ঐক্যফ্রন্টের পাশপাশি ২০ দলীয় জোটেও আসন ভাগাভাগিতে জটিলতায় বিএনপি। জোট সূত্রে জানা গেছে, জামায়াত একাই চেয়েছে ৪০টি আসন। শতাধিক আসনে মনোনয়ন চাচ্ছে জোটের অন্য শরিকরা। বিএনপি নেতারা বলছেন, সমঝোতার মাধ্যমেই সমস্যার সমাধান করা হবে। তারা বলছেন, দল বা সংখ্যা নয়, জনপ্রিয় প্রার্থীকেই দেয়া হবে মনোনয়ন।
বিশ দলীয় জোটের শরিক এবং ঐক্যফ্রন্টের সঙ্গে গাঁটছড়া বেধে ভোটের মাঠে বিএনপি। সংসদ নির্বাচনে জোটের হিসাব-নিকাশ মেলাতে আসন ছাড়তে হবে দেশের অন্যতম বড় এই রাজনৈতিক দলকে। দলীয় প্রার্থীর পাশাপাশি শরিক দলের প্রত্যাশা পূরণের চাপে বিএনপির নীতি নির্ধারকেরা। শতাধিক আসনে এবার মনোনয়ন চায় ২০ দলের শরিকরা।
আসন ভাগাভাগি নিয়ে বড় সংকট দেখা দিয়েছে শরিক জামায়াতকে নিয়ে। ৪০টি চাইলেও জামায়াতকে ২০টির বেশি আসন ছাড়তে রাজি নয় বিএনপি।
এছাড়া এলডিপি ৩০টি আর কাজী জাফরের জাতীয় পার্টি দিয়েছে ১৬ আসনের তালিকা। কল্যাণ পার্টি ১২, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা ও বাংলাদেশ জাতীয় পার্টি চেয়েছে ৩টি করে আসন। খেলাফত মজলিশসহ বাকি দলগুলো ১০ আসনে প্রার্থী দিতে চায়।
শরিকদের প্রত্যাশা যা-ই হোক আসন ছাড়ার ক্ষেত্রে প্রার্থীর গ্রহণযোগ্যতাকেই প্রাধান্য দেবে বিএনপি।
সমঝোতার ভিত্তিতে দ্রুতই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলেও আশা করছেন বিএনপির নীতি নির্ধারকেরা।
