
ফাতেহ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের নৌকা প্রতীকে চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ। বেশ কিছু আসনে এবার নতুন মুখকে বেছে নিয়েছে আওয়ামী লীগ। জাঁদরেল কিছু নেতাও বাদ পড়েছেন বেশ কিছু আসনে ।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে রোববার সকাল ১০টার দিকে এ চিঠি দেয়া শুরু হয়েছে। যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেয়া হচ্ছে।
বাদের খাতায় পড়েছেন পোড়খাওয়া অনেক নেতাও। রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাও পাননি মনোনয়ন।
গাজীপুর-৩ আসনেও প্রার্থী বদল হয়েছে। এ আসনে দীর্ঘদিন ধরে থাকা এমপি সাবেক মন্ত্রী রহমত আলীকে বার্ধক্যজনিত কারণে তাকে বাদ দেয়া হয়েছে। বদলে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ।
বাদ পড়ছেন কিছু বিতর্কিত ব্যক্তিও। টাঙ্গাইলের আলোচিত সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বদলে টাঙ্গাইল-৩ আসনে মনোনয়ন পেয়েছেন রানার বাবা আতাউর রহমান খান। কক্সবাজারের সমালোচিত এমপি আবদুর রহমান বদির বদলে মনোনয়ন পেয়েছেন তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরী।
মনোনয়ন না পাওয়াদের মধ্যে সবচেয়ে আলোচিত জাহাঙ্গীর কবির নানক। ঢাকা-১৩ আসনে টানা দুবার এমপি হওয়া এ নেতা এবারও এ আসনেই দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এ আসনে এবার নতুন মুখ হিসেবে সাদেক খানকে মনোনয়ন দেয়া হয়েছে। বহুদিন ধরে নানকের বাদ পড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। ছাত্রলীগের রাজনীতি দিয়ে জাহাঙ্গীর কবির নানকের উত্থান। তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
মোহাম্মদপুর-আদাবর নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনটি বেশ গুরুত্বপূর্ণ। এ আসনে স্থানীয় কাউকে মনোনয়ন দেয়ার কথা বলে আসছিলেন স্থানীয় নেতারা।
এ ছাড়া বাদ পড়েছেন পুরানো আরও কয়েকজন। আওয়ামী লীগ বলছে-এটি চূড়ান্ত তালিকা নয়। আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে সব আসনের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হবে।
