
ফাতেহ ডেস্ক : একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে (গলাচিপা-দশমিনা) পটুয়াখালী-৩ আসনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার বোনের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা এস এম শাহজাদা সাজু আওয়ামী লীগের মনোনয়ন পেলেন।
আওয়ামী লীগ থেকে এসএম শাহজাদা সাজুকে মনোনয়ন দেওয়ার খবর নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়লে এস এম শাহজাদা সাজুর সমর্থকরা রোববার দুপুরে গলাচিপা সদরসহ আশপাশের এলাকায় আনন্দ মিছিল বের করেন। এসময় আনন্দ উল্লাস করেন তারা।
এ বিষয়ে (গলাচিপা-দশমিনা) পটুয়াখালী-৩ আসনের সাবেক সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসেন এক আলোচনা সভায় বলেন, “আমাকে মনোনয়ন না দেবার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তাকে দেবার কারণ একটি খুঁজে পাই, সেটি হলো তিনি সিইসির ভাগিনা, আমি কারও ভাগিনা না। এ ছাড়া আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না।”
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের ২২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে দল থেকে এস এম শাহজাদা সাজুকে মনোনীত করা হয়। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার বোনের ছেলে।
