
ফাতেহ ডেস্ক: ইউক্রেনের ৩টি নৌ জাহাজ আটক করেছে রাশিয়া। রোববার ক্রাইমিয়া উপদ্বীপ এলাকায় হামলা চালিয়ে দুটি যুদ্ধজাহাজ ও একটি টাগবোট আটক করে রুশ বাহিনী।
এতে ইউক্রেনের ৬ ক্রু আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এর মধ্য দিয়ে নতুন করে উত্তেজনায় জড়ালো রাশিয়া ও ইউক্রেন।
রুশ গণমাধ্যম জানায়, রোববার মস্কো সময় সকাল সাতটার দিকে ইউক্রেনের তিনটি জাহাজ অবৈধভাবে রুশ সমুদ্রসীমায় ঢুকে পড়ে। আযভ সাগরের মারিওপোল বন্দরে যাওয়ার সময় তাদের ওপর হামলা করে রুশ সীমান্তরক্ষীরা। তবে, রাশিয়ার এই দাবিকে মিথ্যা উল্লেখ করে একে উস্কানিমূলক ও পাগলামো আখ্যা দিয়েছে ইউক্রেন।
এই ঘটনার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ আহ্বান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। সেইসাথে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ চান তিনি।
এবিষয়ে মার্শাল ল জারি করা হবে কি না সোমবার পার্লামেন্টে সেই সিদ্ধান্ত নেবে দেশটির সরকার। এরই মধ্যে নিন্দা জানিয়েছে ইউরোপিয় ইউনিয়ন ও ন্যাটো। ২০০৩ সালের চুক্তি অনুযায়ি কার্চ প্রণালী ও আজভ সাগরের জলসীমা দুই দেশই ব্যবহার করতো। তবে সম্প্রতি ইউক্রেন বন্দর থেকে ছেড়ে আসা সব নৌযানের ওপরই নজরদারি শুরু করে রাশিয়া।
