
ফাতেহ ডেস্ক : জাকারিয়া পিন্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
গতকাল সোমবার দুপুর ২টার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। পিন্টুর ব্যবহৃত সেলফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকারিয়া পিন্টু বিএনপি থেকে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমাদান ছাড়াও বিএনপির মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
পিন্টুর ছোট ভাই ঈশ্বরদী পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল জানান, “ঢাকা মিরপুরের মনিপুর এলাকায় স্বপরিবারের ভাড়া থাকেন পিন্টু। সোমবার দুপুর ২টায় বাসা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।”
তিনি আরও দাবি করেন, ‘পরিবারের পক্ষ থেকে পুলিশ, র্যাব ও ডিবি অফিসে সন্ধান করা হয়েছে। তারা পিন্টুকে আটকের তথ্য জানাতে পারেনি। কিন্তু, কোথাও তাকে পাওয়াও যাচ্ছে না।’
পাবনা জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার ‘জাকারিয়া পিন্টুর’ নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, “জাকারিয়া পিন্টু তৃণমূলের জনপ্রিয় নেতা। দিনে-দুপরে তার নিখোঁজ হয়ে যাওয়া মেনে নেওয়া যায় না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাকে দ্রুত সুস্থভাবে পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।”
