
তারেক রহমান দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাস নিতে হবে । তারেক রহমানের কাছে বর্তমানে বাংলাদেশের কোনো পাসপোর্ট নেই। ফলে দেশে ফিরতে হলে তাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। জানালেন ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মুহাম্মদ মাসুদ রেজওয়ান।
১৯৭৬ সালের পাসপোর্ট আইন অনুযায়ী, কোনো মামলায় সাজার মেয়াদ দুই বছরের বেশি হলে আসামিকে পাসপোর্ট দেয়া হয় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। ফলে নতুন করে পাসপোর্ট দেয়া হবে না তাকে। জানালেন তিনি।
আজ (২৬/০৪/২০১৮)বৃহস্পতিবার সকাল ১০.৩০টায় আগারগাঁও পাসপোর্ট অধিদফতরের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান।
তিনি বলেন, তারেক রহমানের এখন কোনো পাসপোর্ট নেই। পাসপোর্ট ছাড়াই তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। তবে কীভাবে সেখানে অবস্থান করছেন সেটি যুক্তরাজ্যের সরকার জানেন।
মেজর জেনারেল মাসুদ রেজওয়ান বলেন, তারেক রহমান দেশে আসতে চাইলে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাকে ট্র্যাভেল পাস নিতে হবে। এটি স্বেচ্ছায় নিতে হবে। জোর করে দেওয়া হবে না। আর না চাইলে সেটি তার ব্যাপার।
