
ফাতেহ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, “নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, জনগণের মধ্যে তত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বৃদ্ধি পাচ্ছে।”
রিজভী বলেন, ‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫টি উপজেলায় নির্বাচনী কর্মকর্তা নেই, যা ইতোমধ্যেই গণমাধ্যমে বেরিয়েছে। এই অবস্থায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে বাছাই করে আওয়ামীমনা কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব দেয়া হচ্ছে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে। আমাদের অভিযোগগুলো অতিকথন নয়, বরং নির্বাচন নিয়ে সরকারের চক্রান্তের গভীরতা ও ব্যাপ্তি আরও স্পষ্ট হচ্ছে।’
তিনি বলেন, ‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্ত্রাসের উর্বর ক্ষেত্র বানাবে ক্ষমতাসীন দল। তার আলামতগুলো এখন ফুটে উঠতে শুরু করেছে। প্রায় প্রতিদিনই সরকারি কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের গোপন বৈঠকের তথ্য ফাঁস হচ্ছে। তবে আওয়ামী লীগ ও ইসির পক্ষ থেকে এসব বৈঠকের কথা অস্বীকার করা হলেও তথ্যগুলো যে সঠিক এটির বাস্তব প্রমাণ পাওয়া গেছে।’
আজ বুধবার (২৮ নভেম্বর) সোয়া ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ যে কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করবে এটা তাদের মনোনীত প্রার্থীরা বিভিন্ন জায়গায় ঘোষণাও দিয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের গেমপ্ল্যান খুবই সুস্পষ্ট, সেটি হলো বাংলাদেশে একটি পক্ষই থাকবে, সেটি হলো আওয়ামী লীগ ও তার দোসররা। তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি প্রশ্নসাপেক্ষ। এই কারণে কিছু দিন আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, নির্বাচনের বিজয় আনুষ্ঠানিকতা মাত্র। সেই একতরফা নির্বাচনের আভাসই আমরা ফুটে উঠতে দেখছি।’
রিজভী আরও বলেন, “সরকারের রিটায়ার্ড উপ-সচিব নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে র্যাব-২ অফিসে নিয়ে যাওয়ার জন্য র্যাবের একজন কর্মকর্তা তার বাসায় আসে। নিয়ামত উল্লাহ ভূঁইয়ার সাথে ঘণ্টাখানেকের জন্য কথা বলবে বলে গতকাল রাত ১০টার সময় তাকে বাসা থেকে নিয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত তাকে ফিরিয়ে দেয়া হয়নি।
প্রশাসন স্বাভাবিক গতিতে চললে নিয়ামত উল্লাহ সাহেব এতদিনে মন্ত্রণালয়ের সচিব হতেন, অথচ তার মতো একজন সরকারি কর্মকর্তাকে তুলে নিয়ে গিয়ে এখনও ফিরিয়ে না দেয়া সরকারের ভয়ঙ্কর বার্তা। এই ঘটনায় সারাদেশে জনপ্রশাসনসহ সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন, উদ্বেগ ও আশঙ্কার সৃষ্টি হয়েছে।”
অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় তাকে তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান বিএনপির এই নেতা।
