
ফাতেহ ডেস্ক : গতকাল ১ ডিসেম্বর (শনিবার) টঙ্গীর ইজতেমার মাঠে সাধারণ তাবলিগি সাথী, উলামায়ে কেরাম ও মাদরাসা ছাত্রদের উপর মাঠ দখল করার অভিসন্ধিতে সাদপন্থীরা নৃশংস হামলা চালায়। এ হামলার প্রতিবাদে ঢাকার পল্টনে শীর্ষ আলেমদের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে উলামায়ে কেরাম অনভিপ্রেত ও ন্যক্কারজনক এই হামলার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানান। তারা সাদপন্থীদের হামলা, সম্পদ নষ্ট ও কুরআনি শিক্ষা প্রতিষ্ঠানে ভাংচুরের প্রতিবাদ জানান এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেন। সঙ্গে সঙ্গে টঙ্গীতে ইজতেমার উপযুক্ত পরিবেশ তৈরি ও ফিরিয়ে আনার প্রতিও দাবি জানান তারা।
কুরআনে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভিক্টোরিয়া মসজিদের ইমাম ও খতিব মুফতি আমানুল হক।
বক্তব্যে তিনি ৬ দফা দাবি পেশ করেন,
১. এ হামলার নির্দেশদাতা ওয়াসিফুল ইসলাম ও শাহাবুদ্দীন নাসিম গংসহ হামলার সাথে জড়িত সকলকে আগামী ২৪ ঘন্টার ভিতরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
২. আহত নিহতদের ক্ষতি পূরণ ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
৩. টঙ্গী ময়দানে এত দিন যেভাবে শুরাভিত্তিক পরিচালিত তাবলীগের সাথী ও উলামায়ে কেরামের অধীনে ছিলো তাদের কাছেই হস্তান্তর করতে হবে।
৪. অতিসত্বর কাকরাইলের সকল কার্যকলাপ হতে ওয়াসিফ ও নাসিম গংকে বহিষ্কার করতে হবে।
৫. সারাদেশের উলামায়ে কেরাম ও শুরাভিত্তিক তাবলীগের সাথীদের উপর হামলার মামলা বন্ধ করে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
৬. টঙ্গীর অাগামীর বিশ্ব ইজতেমা যথাসময়ে পূর্বঘোষিত (১৮, ১৯, ২০) অনুষ্ঠানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এছাড়াও আগামীকাল ৩ ডিসেম্বর সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি পেশ করা হয়েছে।
পল্টনস্থ হোটেল জাফরানে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আল্লামা আশরাফ আলী, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা মুহাম্মদ যোবায়ের, আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি আরশাদ রাহমানি, মাওলানা নূরুল ইসলাম জিহাদি, মাওলানা রবিউল হক, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মুফতি শামসুদ্দোহা কাসেমী, মাওলানা মাহফুজুলক, মাওলানা মামুনুল হক প্রমুখ।
