ইসিতে অভিযোগ ফখরুলের বিরুদ্ধে

ফাতেহ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করার অভিযোগ এনেছে আওয়ামী লীগ। তাদের দাবি সৈয়দপুর বিমানবন্দরে সমাবেশ করেছেন ফখরুল।

আজ রোববার এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে এ অভিযোগ করেন।

বৈঠক শেষে এইচ টি ইমাম গণমাধ্যমকে বলেন, কিছুদিন ধরে দেখছেন, সরকার ও ইসিকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করে বক্তব্য দেওয়া হচ্ছে। এসব বিষয় এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির জন্য কথা বলতেই তারা নির্বাচন কমিশনে এসেছেন।

এ সময় এইচ টি ইমাম বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সৈয়দপুর বিমানবন্দরে সমাবেশ করেছেন। এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি অনুসন্ধান করে ব্যবস্থা নেবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সবার জন্য সমান সুযোগ চায়। তারা বিশ্বাস করে, সবার জন্য স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। তারা নির্বাচন কমিশনকে বলেছে, দেশি-বিদেশি পর্যবেক্ষক যারা আসবে, তাদের নির্বাচনী আইন এবং পর্যবেক্ষক নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে।

আগের সংবাদখালেদা জিয়ার মনোনয়নপত্র তিন আসনেই বাতিল
পরবর্তি সংবাদঋণখেলাপির দায়ে জাপা মহাসচিবের মনোনয়ন বাতিল