খালেদাকে ছাড়া প্রথম নির্বাচনে যাচ্ছে বিএনপি

ফাতেহ ডেস্ক: খালেদা জিয়াকে ছাড়া এবারই প্রথম নির্বাচনে যাচ্ছে বিএনপি। তিনি ছাড়াও, দণ্ডপ্রাপ্ত ও পলাতক থাকায় এবার ভোটের লড়াইয়ে নেই জিয়া পরিবারের কোনো সদস্য। দলটির নেতাদের অভিযোগ, সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ভোটে অংশ নিতে পারছেন না খালেদা জিয়া।

জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৯১ সালে প্রথম নির্বাচনে অংশ নেয় বিএনপি। এরপর সব নির্বাচনেই একাধিক আসনে জয় পান খালেদা জিয়া। পাশাপাশি প্রার্থী না হলেও নানা সময়ে ভোটের মাঠে দেখা গেছে জিয়া পরিবারের সদস্যদের। ১০ বছর পর একাদশ সংসদ নির্বাচনে এলেও এবার ভোটে লড়তে পারছেন না বিএনপি প্রধান। বড় ছেলে তারেক রহমানও সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

দলের নীতিনির্ধারকদের অভিযোগ, জিয়া পরিবারকে ভোটের বাইরে রাখার পরিকল্পনা বাস্তবায়ন করেছে সরকার। ভোটের মাঠে খালেদা জিয়ার অনুপস্থিতি এরই ফল।

তবে এখনও আশা ছাড়েননি তার আইনজীবীরা। বুধবার খালেদা জিয়ার প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে করা হয়েছে আপিল। সেখানে সুরাহা না হলে বিষয়টির আইনি মোকাবেলার প্রস্তুতিও নিচ্ছে বিএনপি।

পাশপাশি দলের নীতিনির্ধারকদের ধারণা খালেদা জিয়ার অনুপস্থিতিতে ভোটারদের সহানুভূতি পাবে বিএনপি। আর এর ইতিবাচক প্রভাব পড়বে ভোটের ফলে।

আগের সংবাদশুনানিতে বৈধ হলেন যারা
পরবর্তি সংবাদপদ্মা সেতু নির্মাণ বিশ্বে মর্যাদা বাড়িয়েছে: প্রধানমন্ত্রী