আতঙ্ক নয়, আস্থার পরিবেশ সৃষ্টিতে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ সিইসির

ফাতেহ ডেস্ক: নির্বাচনে আস্থার পরিবেশ সৃষ্টি করতে বিচারিক হাকিমদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

বিচারিক মন নিয়ে, সংবিধান ও আইনের অধীনে থেকে তাদের দায়িত্ব পালন করতেও বলেছেন সিইসি। বিচারিক হাকিমদের ধারাবাহিক ব্রিফিংয়ের প্রথম দিনে এ আহ্বান জানান তিনি।

সারা দেশে ছয়শোর বেশি বিচারিক হাকিমের উদ্দেশে ব্রিফিং ও কর্মশালার আয়োজন করেছে নির্বাচন কমিশন। প্রথম দিনে অংশ নেন দুশোর বেশি বিচারিক হাকিম।

২৯ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবেন তারা। নির্বাচনি এলাকায় যে কোনো অপরাধের তাৎক্ষণিক শাস্তি দেয়ার ক্ষমতা তাদের।

অনুষ্ঠানে বিচারকদের বিচারিক মন নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনের প্রত্যেক সদস্য। বলেন, রাগ বা অনুরাগের বশবর্তী না হয়ে সংবিধান মেনে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। অপরাধীরা আইনের আওতায় আনাও নিশ্চিত করতে হবে বিচারকদের।

প্রধান অতিথির বক্তব্যে সিইসি, বিচারকদের কারণে নির্বাচনি এলাকায় যাতে আতংকের পরিবেশ তৈরি না হয় সেদিকেও লক্ষ্য রাখার তাদিগ দেন।

সিইসি বলেন, ভোটার, রাজনৈতিক দল ও দেশের কাছে নির্বাচন কমিশন দায়বদ্ধ। সুষ্ঠু নির্বাচনে তাই বিচারকদের পাশে চেয়েছে কমিশন।

কালো-টাকা ও পেশি শক্তি ব্যবহার করে কেউ যাতে সংসদে যাওয়ার সুযোগ না পান সে ব্যাপারে সচেষ্ট থাকার আহ্বান জানায় ইসি।

আগের সংবাদ৩০০ আসনে মহজোটের প্রার্থী ৪৪৩
পরবর্তি সংবাদহাটহাজারী মাদরাসায় আলেমদের বৈঠকে ৭ সিদ্ধান্ত